শ্রীকান্তের বক্তব্যে বার্তা পরিষ্কার। এই ভারতীয় দল শুধু বিশ্বকাপের দাবিদার নয়, তারা মানসিক দিক থেকেও প্রতিপক্ষকে ম্যাচ শুরুর আগেই চাপে ফেলে দিচ্ছে।

ছবি: গুগল
শেষ আপডেট: 26 January 2026 11:43
দ্য ওয়াল ব্যুরো: ভারতের ব্যাটিং-তাণ্ডব দেখে বিস্মিত গোটা ক্রিকেটবিশ্ব। গুয়াহাটিতে নিউজিল্যান্ডকে দশ ওভারে উড়িয়ে সিরিজ পকেটে পুরেছেন অভিষেক শর্মারা। আর এই আবহেই এবার মুখ খুললেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Kris Srikkanth)। রসিকতার সুরে হলেও তাঁর বার্তা—এই ভারতীয় দলের সামনে দাঁড়াতে বেশির ভাগ টিমই ভয় পাবে। আর পাকিস্তান (Pakistan) যদি মুখোমুখি হয়? সেক্ষেত্রে কটাক্ষের সুরে প্রাক্তন তারকার জবাব, অপমান বাঁচাতে চাইলে টি–২০ বিশ্বকাপে সলমন-বাবরদের না খেলাই ভাল!
‘এই ভারতকে সবাই ভয় পাবে’
চলতি নিউজিল্যান্ড (New Zealand) সিরিজে ভারতের ব্যাটিং দেখে অভিভূত শ্রীকান্ত। তাঁর মতে, সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন দল যে কী ভয়ংকর ফর্মে রয়েছে, সেটা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। গুয়াহাটিতে মাত্র ১০ ওভারে ১৫৪ রান তাড়া করা, ২০৯ রান ১৫.২ ওভারে শেষ করে ফেলা—এই ধরনের মারমুখী ক্রিকেট নাকি আগে তিনি দেখেননি। নিজের ইউটিউব শো-তে শ্রীকান্ত বলেন, ‘এক ম্যাচে ১৫ ওভারে ২০৯ রান, আরেক ম্যাচে ১০ ওভারে ১৫০ রান! এটা দেখে অনেক দলই ভাববে—না বাবা, আমরা আসছি না। কাপ তোমরাই রেখে দাও।’তাঁর মতে, এই ধরনের ব্যাটিং বিশ্বক্রিকেটে একটা “ভয়ের সংকেত” পাঠাচ্ছে।
পাকিস্তানকে কটাক্ষ, বোর্ড–রাজনীতির প্রসঙ্গ
এই ইস্যুতে শ্রীকান্ত টেনে আনেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Naqvi) মন্তব্য। বাংলাদেশ (Bangladesh) বাদ পড়া নিয়ে আইসিসি-র (ICC) সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে নকভি যে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন, তাকে সামনে টেনে শ্রীকান্ত বলেন, ‘পাকিস্তান, তোমরা এসো না। নকভি তো এমনিই বলছে। এসো না। এই ভারতীয় ছেলেরা তোমাদের সামনে পেলে থেঁতলে দেবে।’আরও কটাক্ষ ছুড়ে তাঁর সংযোজন, ‘কলম্বোতে (Colombo) যে ছয় মারবে, সেটা গিয়ে পড়বে মাদ্রাজে (Madras)! সাবধান!’
এমনিতে পাকিস্তান তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে, ফলে বয়কটের সম্ভাবনা ক্ষীণ। তবু শ্রীকান্তের বক্তব্যে স্পষ্ট—ভারতের বর্তমান ব্যাটিং ফর্ম অন্য দলগুলোর মনে আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে।
অভিষেক শর্মার প্রশংসায় পঞ্চমুখ
ভারতের এই আগ্রাসনের অন্যতম মুখ অভিষেক শর্মা (Abhishek Sharma)। ১৪ বলে অর্ধশতরান করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ উল্টে দেওয়া এই ওপেনারের প্রশংসায় পঞ্চমুখ শ্রীকান্ত। তাঁর কথায়, ‘এত স্বচ্ছন্দ হিটিং আমি অনেকদিন দেখিনি। ওকে দেখে মনে হয় না খুব কষ্ট করছে। ব্যাটটা ঘোরালেই বল গ্যালারিতে!’ শ্রীকান্তের মতে, অভিষেকের সবচেয়ে বড় শক্তি—বোলারদের অনিশ্চয়তায় রাখা। শর্ট বল, ফুল বল—কোথায় বোলিং করবে, সেটা নিয়েই বোলাররা ভয়ে থাকে। মিড উইকেট, কভার, ‘ভি’-এর উপর দিয়ে অনায়াসে ছয় মারার ক্ষমতা তাঁকে আলাদা করে তুলেছে।
সব মিলিয়ে শ্রীকান্তের বক্তব্যে বার্তা পরিষ্কার। এই ভারতীয় দল শুধু বিশ্বকাপের দাবিদার নয়, তারা মানসিক দিক থেকেও প্রতিপক্ষকে ম্যাচ শুরুর আগেই চাপে ফেলে দিচ্ছে। আর সেই কারণেই প্রাক্তন অধিনায়কের কটাক্ষ—এই ভারতের সামনে পড়লে মাঠে নেমে না খেলাই হবে বুদ্ধিমানের কাজ!