পর্দার আড়ালের এই টানাপড়েন আসলে আগের দুই টেস্টে জমাট বাঁধা টেনশনের বহিঃপ্রকাশ। লন্ডন আর ম্যাঞ্চেস্টারের ম্যাচে পরিবেশ ছিল রীতিমতো থমথমে, উত্তপ্ত।

সৌরভ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: 1 August 2025 13:23
দ্য ওয়াল ব্যুরো: নিজে অধিনায়ক থাকাকালীন মাঠে-মাঠের বাইরে বিতর্কে জড়িয়েছেন। বিদেশ সফরে গিয়েছেন। সেখানেও মাঠের অবস্থা, পিচের কন্ডিশন নিয়ে আকছার মুখ খুলেছেন। কিন্তু দীর্ঘ কেরিয়ারে কখনও গ্রাউন্ডসম্যানের সঙ্গে তর্কাতর্কি জুড়ে দেননি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
সম্প্রতি যেটা করেছেন তাঁরই একদা সতীর্থ, এখন জাতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ওভালের পঞ্চম ও শেষ টেস্ট শুরুর আগেই ভারতীয় শিবিরে দানা বাঁধে হালকা উত্তেজনা। গৌতম গম্ভীরের ওভাল স্টেডিয়ামের পিচ কিউরেটর লি ফোর্টিসের (Lee Fortis) সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। আর এই ইস্যুতেই এবার মুখ খুললেন সৌরভ। তাঁর মতে: এমন ঘটনা আগে হয়েছে, ভবিষ্যতেও হবে। এই নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই!
বিতর্ক বাঁধে ভারতের অনুশীলনের সময়। অভিযোগ, ভারতীয় দলের কোচিং ম্যানেজমেন্টকে কাছ থেকে পিচ পরিদর্শনের সুযোগ দেওয়া হয়নি। এ নিয়েই কথা কাটাকাটি। গম্ভীর দূর থেকে আঙুল তুলে কিছু কথা বলেন। উত্তেজনা সামাল দিতে এগিয়ে আসেন ব্যাটিং কোচ সিতাংশু কোটাক (Sitangshu Kotak)। গম্ভীরকে সরিয়ে তিনিই পিচ প্রস্তুতকারক লি ফোর্টিসের সঙ্গে কথা শুরু করেন। ঝামেলার গোড়ায় চুপচাপ দাঁড়িয়ে থাকলেও এক সময় যোগ দেন ভারতীয় সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। গম্ভীর তখন নেটের পাশে দাঁড়িয়ে রেগে গিয়ে বলে ওঠেন, ‘আমাদের কী করতে হবে, সেটা আপনি ঠিক করে দেবেন না!’ কোটাক ধীরস্থির মেজাজে পরে ইংল্যান্ডের এক কর্মকর্তাকে বিষয়টা বোঝানোরও চেষ্টা করলে ফোর্টিস সরে যান। সেশন শেষে সাংবাদিকরা তাঁকে গোটা ঘটনা নিয়ে সওয়াল করলে পাশ কাটিয়ে জবাব দেন, ‘গম্ভীর কেন রেগে গেল, সেটা ওকেই জিজ্ঞেস করুন!’
আর এই সামগ্রিক ঘটনা নিয়ে অনেকটা ইংরেজ শিবিরের পাশে দাঁড়িয়েই সৌরভের মন্তব্য (Sourav Ganguly on Pitch Controversy), ‘আমি জানি না গৌতম কেন বিরক্ত! আমাদের আমলে গ্রাউন্ডসম্যানদের সঙ্গে কোচ বা অধিনায়কের নানা রকম কথা হয়েছে। কখনও খুশি হয়েছি, কখনও মেনে নিতে পারিনি। এমন ঘটনা আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। এটা নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো। আশা করি ভারত ভালো খেলবে এবং সিরিজে সমতা ফিরবে!’
পর্দার আড়ালের এই টানাপড়েন আসলে আগের দুই টেস্টে জমাট বাঁধা টেনশনের বহিঃপ্রকাশ। লন্ডন আর ম্যাঞ্চেস্টারের ম্যাচে পরিবেশ ছিল রীতিমতো থমথমে, উত্তপ্ত। লর্ডস আর ম্যাঞ্চেস্টারের ম্যাচে পরিবেশ ছিল রীতিমতো থমথমে, উত্তপ্ত। লর্ডসের তৃতীয় দিনের শেষ মুহূর্তে ঝামেলার শুরু। টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল জ্যাক ক্রলির উপর রেগে যান। ইংল্যান্ড ওপেনার ইচ্ছে করে সময় নষ্ট করছেন—সরাসরি আঙুল উচিয়ে অভিযোগ তোলেন। বাকবিতণ্ডা, ব্যঙ্গাত্মক হাততালি—সব মিলিয়ে মাঠের মেজাজ মুহূর্তে টানটান!
চতুর্থ টেস্টের শেষ প্রহরেও যার আঁচ কমার বদলে বেড়ে যায়। সেঞ্চুরির নাগালে দাঁড়িয়ে থাকা রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর ইংরেজ অধিনায়ক বেন স্টোকসের ম্যাচ ড্রয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। এই নিয়ে ফের কথা চালাচালি, অশান্তি। ওভালে এখনও পর্যন্ত পরিস্থিতি অনুত্তেজক হলেও গম্ভীর-ফোর্টিস বিতর্কের ঢেউ দ্বিতীয় দিনে প্রভাব ফেলে কিনা তা আজই বোঝা যাবে।