ম্যাচ চলাকালীন দিল্লি লায়ন্সের অধিনায়ক নীতিশ রানার সঙ্গে উত্তপ্ত তর্কে জড়িয়ে পড়েন সাউথ দিল্লি সুপারস্টারসের স্পিনার দিগ্বেশ রাঠি।

দিগ্বেশ রাঠি ও নীতীশ রানা
শেষ আপডেট: 30 August 2025 20:16
দ্য ওয়াল ব্যুরো: দিগ্বেশ রাঠির (Digvesh Rathi) সঙ্গে বিতর্ক শব্দটা আস্টেপিস্টে জড়িয়ে গিয়েছে। বাইশ গজে তাঁর নামা মানেই যেন শাস্তির প্রকোপ নেমে আসা। গত আইপিএলেও খারাপ আচরণের জন্য তাঁকে বেশ কয়েকবার শাস্তির (Punishment) মুখে পড়তে হয়েছিল। সেই সঙ্গে দিতে হয়েছিল জরিমানাও (Heavy fine)।
এবার দিল্লি প্রিমিয়ার লিগেও (DPL) রাঠির সঙ্গে একই ঘটনা ঘটল। শনিবার দিল্লি প্রিমিয়ার লিগ ২০২৫-এর এলিমিনেটর ম্যাচে মাঠের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং দিগ্বেশ রাঠি ও নীতীশ রানার (Nitish Rana) মধ্যে শুরু হয়ে যায় প্রায় হাতাহাতি। পরে ফিল্ড আম্পায়ার দু’জনকে আলাদা করেন। আয়োজকরা রাঠির আচরণের জন্য তাঁকে মোটা অঙ্কের জরিমানা করেছে। দিগ্বেশকে তাঁর ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে।
শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে এলিমিনেটরে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট দিল্লি লায়ন্স ও সাউথ দিল্লি সুপারস্টারস। ম্যাচ চলাকালীন দিল্লি লায়ন্সের অধিনায়ক নীতিশ রানার সঙ্গে উত্তপ্ত তর্কে জড়িয়ে পড়েন সাউথ দিল্লি সুপারস্টারসের স্পিনার দিগ্বেশ রাঠি। আচরণবিধির ধারা ২.২-এর অধীনে 'খেলার চেতনার পরিপন্থী আচরণ' করার জন্য রাঠিকে তাঁর ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে, নীতিশ রানাকে ধারা ২.৬ (লেভেল ১)-এর অধীনে আচরণবিধি লঙ্ঘনের জন্য তাঁর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। এই ধারাগুলি' ম্যাচ চলাকালীন অশ্লীল, আক্রমণাত্মক বা অপমানজনক অঙ্গভঙ্গি ব্যবহার' সম্পর্কিত।
An intense moment in the middle! 🏏
Nitish Rana | Digvesh Singh Rathi | West Delhi Lions | South Delhi Superstarz | #DPL #DPL2025 #AdaniDPL2025 #Delhi pic.twitter.com/dX5E5wFDqd— Delhi Premier League T20 (@DelhiPLT20) August 29, 2025
ঘটনার সূত্রপাত হয় যখন রাঠি নীতীশের বিরুদ্ধে বল করতে আসেন। অ্যাকশন শুরু করার পর বল ছুঁড়ে দেওয়ার ভঙ্গি করেন রাঠি। কিন্তু ডেলিভারি সম্পূর্ণ না করে নীতীশের দিকে তাকিয়ে মুচকি হাসেন এই স্পিনার। পরের ডেলিভারির সময় প্রত্যুত্তর দিয়ে ক্রিজ থেকে সরে দাঁড়ান রানা। এই সময় দুই জনের মধ্যে কিছু কথার আদান-প্রদান হয়। ধারাভাষ্যকাররা সেই সময় বলেন, একে ওপরকে সুঁই ফোটাচ্ছেন।
এরপর অবশ্য ডেলিভারি সম্পন্ন করেন রাঠি। রানা সেই বলকে রিভার্স সুইপ মেরে ডিপ পয়েন্টের উপর দিয়ে বাউন্ডারি পার করে দেন। ছক্কা হাঁকিয়ে পিচের ওপর এসে রানা তাঁর ব্যাটে চুমু খেয়ে সেলিব্রেশন করেন। এরপর রাঠি ও রানার মধ্যে ফের বাক্য বিনিময় হয়। কী কথা হয়েছে বোঝা না গেলেও, রানাকে দেখা যায় রীতিমতো রেগে গিয়েছেন ও দিগ্বেশের দিকে যাচ্ছেন। ঝগড়া প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে যাচ্ছে দেখে আম্পায়ার গায়ত্রী ভেনুগোপালান এবং ফিল্ডাররা দু’জনের মাঝখানে এসে দাঁড়িয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। রাঠি কিছু বলতে বলতে সরে যান। অন্যদিকে রানাকে দেখে মনে হচ্ছিল তিনি মোটেও খুশি নন। তবে জানা গিয়েছে, রাঠি কিছু অশ্লীল ভাষা ব্যবহার করেছিলেন।
তবে শেষ পর্যন্ত, রানা ৫৫ বলে অপরাজিত ১৩৪ রান করে ম্যাচটি জিতে নেন, যার ফলে তাঁর দল ২০২ রানের লক্ষ্য অর্জন করতে এবং কোয়ালিফায়ার ২-এ পৌঁছতে সক্ষম হন। এবার তাঁরা ইস্ট দিল্লি রাইডার্সের মুখোমুখি হবে। তরুণ স্পিনার দিগ্বেশ রাঠিকে জরিমানা করা এই প্রথম নয়। আইপিএলে লখনউয়ের হয়ে খেলার সময়ও তাঁর নোটবুক স্টাইল উদযাপনের জন্য তাঁকে বেশ কয়েকবার জরিমানা করা হয়েছে। ম্যাচ চলাকালীন আম্পায়াররা তাঁকে বেশ কয়েকবার তিরস্কারও করেছিলেন। তবুও, রাঠির সেলিব্রেশনের ধরন বদলায়নি।