মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরে এই ‘অপ্রত্যাশিত’ আবির্ভাব ফের মনে করিয়ে দিল—ধোনি এখনও অবাক করার ক্ষমতা রাখেন। খেলায় হোক বা খেলার বাইরে—‘ক্যাপ্টেন কুল’ কখনও সাদামাটা নন।

সেই বিতর্কিত ছবি
শেষ আপডেট: 7 October 2025 18:01
দ্য ওয়াল ব্যুরো: মাঠে দেখা যায় না বহুদিন। সোশ্যাল মিডিয়াতেও কার্যত উধাও। কিন্তু এক ছবিতেই তুফান তুললেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কিংবদন্তি অধিনায়ককে দেখা গেল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জার্সিতে। আর তাতেই সমাজমাধ্যমে ছড়াল জল্পনা: মাহি এবার পাকাপাকিভাবে সিএসকে-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন? নিতে চলেছেন ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর?
আইপিএল ইতিহাসে এক দশকেরও বেশি সময় ধরে যে মানুষটা কার্যত হলুদ জার্সির প্রতীক হয়ে উঠেছেন, তাঁকেই প্রতিদ্বন্দ্বী দলের জামা গায়ে দেখা গেলে দুশ্চিন্তা কিংবা কৌতূহল জমাটা অহেতুক নয়। তাও কিনা এক হাল্কাচালের ফুটবল ম্যাচে! হাতাকাটা ট্যাঙ্ক টপ পরে খেলার পর সহখেলোয়াড়দের সঙ্গে ছবিও তোলেন ধোনি। আর সেখান থেকেই মুহূর্তে ভাইরাল সেই মুহূর্ত—‘ধোনি ইন ব্লু’!
ছবিটা ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় হইচই। অনেকেই অবাক, মজা পাচ্ছেন। চেন্নাই সমর্থকরা রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন! কারও সংশয়ী মন্তব্য, ‘এটা কি শেষের ইঙ্গিত?’ কেউ বেছে নিয়েছেন রসিকতার পথ, ‘এবার কি ধোনিকে এভাবেই ওয়াংখেড়েতে দেখব?’
যদিও সূত্র বলছে, এই নিয়ে এখনই এত হইচইয়ের মানে নেই। নিছকই বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচের ছবি মাত্র। কোনও প্রতীক-ইঙ্গিত নয়। কিন্তু তবু প্রশ্নটা থেকেই যাচ্ছে—যে মানুষটা নিজের পুরো আইপিএল জীবনই কাটিয়েছেন সিএসকের হলুদ রঙে, সেই ধোনিকে মুম্বইয়ের নীল পোশাকে দেখাটাও কি এত সহজে মেনে নেওয়া যায়?
প্রসঙ্গত, মাহির এই উপস্থিতি এ বছর তাঁর বিরল পাবলিক ইভেন্টগুলির বিরলতম অধ্যায়। কয়েক সপ্তাহ আগেই এক মঞ্চে হাজির হন রোহিত শর্মা (Rohit Sharma) ও কপিল দেবের (Kapil Dev) সঙ্গে—সেখানে তিন প্রজন্মের ক্রিকেট তারকাকে ঘিরে তৈরি হয় আবেগময় মুহূর্ত। আইপিএল ২০২৬ (IPL 2026) মরশুমে ধোনি খেলবেন কি না, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। তিনি নিজে কিছুই জানাননি। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরে এই ‘অপ্রত্যাশিত’ আবির্ভাব ফের মনে করিয়ে দিল—ধোনি এখনও অবাক করার ক্ষমতা রাখেন। খেলায় হোক বা খেলার বাইরে—‘ক্যাপ্টেন কুল’ কখনও সাদামাটা নন।