বোর্ড সূত্রে খবর, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না এলে বা জবাব সন্তোষজনক না মিললে বরাদ্দ বাতিলের প্রক্রিয়া প্রযোজ্য বিধি ও নিয়ম মেনে করা হবে।

এমএস ধোনি
শেষ আপডেট: 28 February 2026 10:21
দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নোটিস পাঠাল ঝাড়খণ্ড স্টেট হাউজিং বোর্ড (Jharkhand State Housing Board)। অভিযোগ, রাঁচির একটি আবাসিক প্লট বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়েছে।
বোর্ডের বক্তব্য, সন্তোষজনক জবাব না মিললে প্লটের বরাদ্দ বাতিলের প্রক্রিয়া শুরু হতে পারে। চেয়ারম্যান সঞ্জয় লাল পাসওয়ান (Sanjay Lal Paswan) জানান, সংশ্লিষ্ট জমিটি কেবল আবাসিক ব্যবহারের জন্যই বরাদ্দ ছিল। কিন্তু তদন্তে সেখানে বাণিজ্যিক কার্যকলাপ চলার প্রমাণ মিলেছে। সেই প্রেক্ষিতেই চূড়ান্ত নোটিস পাঠানো হয়েছে ধোনিকে। একই ধরনের অভিযোগে আরও কয়েকজনের কাছেও ব্যাখ্যা চেয়েছে হাউজিং বোর্ড।
কী অভিযোগ?
হরমু রোডের (Harmu Road) ওই সম্পত্তিতে নাকি একটি ডায়াগনস্টিক সেন্টার চালানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে বোর্ড আনুষ্ঠানিক তদন্ত শুরু করে। তদন্তের রিপোর্টে ‘নিয়মভঙ্গের’ ইঙ্গিত পাওয়ায় ধোনির কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। বোর্ড সূত্রে খবর, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না এলে বা জবাব সন্তোষজনক না মিললে বরাদ্দ বাতিলের প্রক্রিয়া প্রযোজ্য বিধি ও নিয়ম মেনে করা হবে। যদিও এতকিছুর পরেও ধোনির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদের বিরুদ্ধেও নোটিস
হরমু রোডেই অবস্থিত ভারতীয় জনতা পার্টির (Bharatiya Janata Party বা BJP) রাজ্য দফতর নিয়েও অনাবাসিক ব্যবহারের অভিযোগ উঠেছে। সেই মামলাতেও বোর্ড আগেই নোটিস পাঠিয়েছে। অর্থাৎ, বিষয়টি কেবল ধোনিতেই সীমাবদ্ধ নয়—বোর্ড বৃহত্তর পর্যায়ে আবাসিক জমির ব্যবহার খতিয়ে দেখতে ইচ্ছুক৷
মাঠের বাইরে বিতর্ক, সামনে আইপিএল
বর্তমানে রাঁচির রিং রোডে (Ring Road) নতুন বাড়িতে থাকেন ধোনি। আগের ঠিকানা ছিল হরমু রোডের বাড়ি। ক্রিকেটের ময়দানে তাঁকে এবার দেখা যাবে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে, আইপিএলে (IPL 2026)। তার আগে প্রশাসনিক এই নোটিস নতুন বিতর্কের জন্ম দিল।