আইপিএল শুরু হতে আর দেরি নেই। তার আগে এই মুহূর্তে সবচেয়ে বেশি করে চর্চায় একটাই খবর: ধোনি চলে যাচ্ছেন না, থাকছেন।

ধোনি
শেষ আপডেট: 22 February 2026 18:14
দ্য ওয়াল ব্যুরো: জল্পনা ছিল। ছিল ‘হ্যাঁ’-‘না’-এর গুঞ্জন। কিন্তু শেষ পর্যন্ত সবকিছুর ইতি টেনে স্পষ্ট ঘোষণা—মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) খেলবেন আইপিএলে (IPL 2026)। আরও একবার। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সিইও কাশী বিশ্বনাথন (Kasi Viswanathan) নিশ্চিত করেছেন, আসন্ন মরশুমেও হলুদ জার্সিতে দেখা যাবে প্রাক্তন ভারত অধিনায়ককে।
গত কয়েক সিজন ধরেই প্রশ্ন উঠছিল, ধোনি আর কতদিন? বয়স ৪৪। ব্যাটিংও আগের মতো ধারালো নয়। বেশিরভাগ সময় নিচের দিকে নামেন। বড় ইনিংস খুব একটা আসে না। তবু দল তাঁকে ছাড়তে নারাজ।
নেতৃত্বে না থাকলেও প্রভাব অটুট
গত দুই মরশুমে সিএসকের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। তবে তিনি চোট পেলে বা অন্য কোনও কারণে বাদ পড়লে ধোনিকেই সামনে আনা হয়, তুলে দেওয়া হয় দল পরিচালনার রাশ। মাঠে তাঁর উপস্থিতি এখনও বড় ফ্যাক্টর।
কেরিয়ারের পরিসংখ্যান বলছে, বিশ্ব ক্রিকেটে এমএসডি-র সাফল্য ঈর্ষাতীত। একমাত্র অধিনায়ক যিনি তিনটি সাদা বলের আইসিসি ট্রফি জিতেছেন—টি-২০ বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। আইপিএলেও পাঁচবার চেন্নাইকে চ্যাম্পিয়ন করেছেন। ব্যাট হাতে আগের মতো ধার না থাকলেও তাঁর কৌশল, ম্যাচ বোঝার ক্ষমতা এবং শান্ত মেজাজ এখনও সিএসকের বড় ভরসা।
সমর্থকদের জন্য বড় খবর
প্রতি বছর আইপিএলের আগে ধোনিকে ঘিরে অবসর জল্পনা তৈরি হয়। কিন্তু তিনি কখনও স্পষ্টভাবে বলেননি, যে সরে যাচ্ছেন। মাঠে নামলে এখনও বিশেষ অভ্যর্থনা পান—চেন্নাই হোক বা অন্য শহর—কোথাও খালি হাতে ফেরেননি। সম্প্রতি এক ইউটিউব পডকাস্টে ধোনি জানিয়েছিলেন, আপাতত ধারাভাষ্যে (commentary) যাওয়ার ইচ্ছা নেই। তাঁর মতে, কমেন্ট্রি অত্যন্ত কঠিন কাজ। ‘খেলার বর্ণনা আর খেলোয়াড়কে সমালোচনা করার মধ্যে সূক্ষ্ম সীমারেখা আছে!’ বলেছিলেন ধোনি। কথাটা অনেকেই ইঙ্গিত হিসেবে দেখেছিলেন—হয়তো তিনি এখনও খেলতেই চান! অনুমান যে ভুল ছিল না, প্রমাণ সিএসকের নিশ্চিত বার্তা। আইপিএল শুরু হতে আর দেরি নেই। তার আগে এই মুহূর্তে সবচেয়ে বেশি করে চর্চায় একটাই খবর: ধোনি চলে যাচ্ছেন না, থাকছেন।