আসলে প্লটকে ছাপিয়ে আজকের ম্যাচে সামনে চলে এসেছে একাধিক সাবপ্লট। একদিকে লাইমলাইট শুষে নিয়েছেন ধোনি (MS Dhoni)।

বৈভব ও ধোনি
শেষ আপডেট: 20 May 2025 12:02
দ্য ওয়াল ব্যুরো: খাতায়-কলমে নয় বনাম দশের লড়াই। খেলার ফলাফলের উপর কোনও কিছুই নির্ভর করবে না। বদলাবে না প্লে-অফে (IPL Play-off) ওঠার অঙ্ক। তবু আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) রাজস্থান রয়্যালস-চেন্নাই সুপার কিংসের (RR vs CSK) দ্বৈরথ নিয়ে অনুরাগীদের উৎসাহের কমতি নেই। দেদারে টিকিট বিক্রি চলছে। আশা করা হচ্ছে, গ্যালারির আসন খুব একটা ফাঁকা থাকবে না।
আসলে প্লটকে ছাপিয়ে আজকের ম্যাচে সামনে চলে এসেছে একাধিক সাবপ্লট। একদিকে লাইমলাইট শুষে নিয়েছেন ধোনি (MS Dhoni)। সিএসকে অধিনায়কের চলতি মরশুমে দিল্লি আসার কথাই ছিল না। কিন্তু পহেলগাম নাশকতার জেরে পাকিস্তানের সঙ্গে আঘাত-প্রত্যাঘাত শুরু হওয়ার জেরে থমকে থাকা আইপিএল ফের নতুন করে শুরু হওয়ার পর ভেন্যুর সংখ্যা কমিয়ে ছয়ে নামিয়ে নামা হয়েছে। চেন্নাইও তাই দিল্লির মুখোমুখি হতে চলেছে অরুণ জেটলি স্টেডিয়ামে।
শুধু আইপিএল নয়, কেরিয়ারেও শেষবারের জন্য রাজধানীতে দেখা যাবে ধোনিকে—এমন গুঞ্জন অনুরাগী মহলে ছড়িয়ে পড়েছে। এমএসডিকে সামনে থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে নারাজ ভক্তদের অনেকেই। ফলে গুরুত্বহীন ম্যাচ নিয়ে উন্মাদনা একা হাতেই কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন ধোনি।
পাশাপাশি দু’নম্বর সাব-প্লটও দাঁড় করিয়েছেন। কিন্তু এটা একা হাতে নয়। আজ সব ঠিক থাকলে দিল্লির ময়দান দেখতে চলেছে সবচেয়ে বয়স্ক ও সর্বকনিষ্ঠের লড়াই। একদিকে মাহি, অন্যদিকে বৈভব। বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। বিহারের বছর চোদ্দোর সেই কিশোর, যিনি গুজরাত টাইটানসের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতরান করে শুধু আইপিএল নয়, ভারতীয় ক্রিকেটের রেকর্ড বুকে নাম তুলেছেন। লড়াইটা উদ্যম বনাম অভিজ্ঞতার লড়াই, যাত্রাশুরু বনাম যাত্রাশেষের। একদিকে ১৪, অন্যদিকে ৪৩—ক্রিকেটের উদয় আর অস্তের সংঘাত দেখতে চলেছে অরুণ জেটলি স্টেডিয়াম।
এর আগে চলতি সিজনে গুয়াহাটির মাঠে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। ওই ম্যাচে ধোনি নামলেও বৈভব সুযোগ পাননি। এরপর সেঞ্চুরি হাঁকিয়ে সবার নজরে চলে আসেন সমস্তিপুরের কিশোর। এখনও পর্যন্ত ৬ ম্যাচে ২১৯-এর অবিশ্বাস্য স্ট্রাইক রেট সমেত ১৯৫ রান করেছেন বৈভব।
অন্যদিকে ধোনির কেরিয়ার ও ফর্ম—দুইয়েরই সেরা সময় ফেলে এসেছে। ব্যাটে রান আসছে না। ব্যাটিং অর্ডারে পরের দিকে নামছেন। নামলেও সেভাবে ফিনিশ করতে পারছেন না। যে কারণে ‘উদয়’ আর ‘অস্তে’র উপমা আক্ষরিক অর্থে খেটে যায়।
কীভাবে তুলনা টানব দুই ক্রিকেটারের? কতটা আলাদা তাঁরা? খানিক লঘু চালেই শেয়ার করেছেন আকাশ চোপড়া। একটি সাক্ষাৎকারে আকাশ বলেন, ‘এটা বেশ মজাদার। আমি আমার মেয়েকে বলি, দ্যাখ বৈভবকে। মাত্র ১৪ বছর বয়স। আর তুই ১২ বছরে দাঁড়িয়ে কী করছিস? জবাবে মেয়ে বলে ওঠে, ধোনিকে দ্যাখো বাবা। এখনও খেলছে। আর তুমি? আমি কথাটা শুনে আর কিছু না জানিয়ে বলেছিলাম, ব্যাস! এখানেই কথাবার্তার ইতি!’