একটি প্রশ্ন করেছিলেন মাত্র। কোনও সিদ্ধান্তে সরাসরি আঙুল তোলেননি। কোনও পক্ষ নেননি প্রকাশ্যে। তবু সেই সওয়ালই কাল হল।

জেসন গিলেসপি
শেষ আপডেট: 26 January 2026 14:52
দ্য ওয়াল ব্যুরো: একটি প্রশ্ন করেছিলেন মাত্র। কোনও সিদ্ধান্তে সরাসরি আঙুল তোলেননি। কোনও পক্ষ নেননি প্রকাশ্যে। তবু সেই সওয়ালই কাল হল। অনলাইন কটূক্তি, ব্যক্তিগত আক্রমণের চাপে শেষ পর্যন্ত নিজের পোস্ট মুছে ফেলতে বাধ্য হলেন পাকিস্তানের প্রাক্তন কোচ জেসন গিলেসপি (Jason Gillespie)। বিতর্কের কেন্দ্রে ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup 2026) থেকে বাংলাদেশের বাদ পড়া এবং সেই জায়গায় স্কটল্যান্ডের সুযোগলাভ। গিলেসপির বক্তব্য স্পষ্ট—পোস্ট মুছেছেন কারণ তিনি ‘নিগৃহীত’।
কী প্রশ্ন করেছিলেন গিলেসপি?
ঘটনার সূত্রপাত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (International Cricket Council) সাম্প্রতিক সিদ্ধান্ত ঘিরে। ২০২৬ টি-২০ বিশ্বকাপের সূচিতে ভারত আয়োজক দেশ। সেই টুর্নামেন্টে খেলতে আপত্তি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। বোর্ডের তরফে জানানো হয়, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ রয়েছে, তাই ম্যাচগুলো কোনও নিরপেক্ষ ভেন্যুতে—যেমন শ্রীলঙ্কায়—আয়োজিত হোক। এই প্রস্তাব মানা হয়নি। দীর্ঘ আলোচনার পর বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়। পরিবর্তে সুযোগ পায় স্কটল্যান্ড।
এই প্রেক্ষিতে জেসন গিলেসপি সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন তোলেন। তাঁর যুক্তি—এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) ভারত পাকিস্তানে খেলতে অস্বীকার করেছিল। তখন ভারতকে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে অনুমতি দেওয়া হয়। তাহলে বাংলাদেশের অনুরোধ কেন রাখা হল না? পোস্টে কোনও অভিযোগ ছিল না। ছিল শুধু তুলনা আর ব্যাখ্যার দাবি।
কেন পোস্ট মুছলেন?
স্পষ্ট ভাষায় সওয়াল তোলার পরই পরিস্থিতি বদলে যায়। সোশ্যাল মিডিয়ায় গিলেসপিকে লক্ষ্য করে শুরু হয় কটূক্তি, ব্যক্তিগত আক্রমণ, বিদ্রূপ। ক্রিকেটীয় আলোচনার বদলে বিষয়টি হয়ে দাঁড়ায় আক্রমণাত্মক। এক ব্যবহারকারী জানতে চান, তিনি কেন পোস্টটি মুছে ফেললেন। গিলেসপির উত্তর সংক্ষিপ্ত এবং স্পষ্ট—‘ডিলিট করেছি, কারণ, একটি সাধারণ প্রশ্ন করার জন্য আমাকে নিগৃহীত হতে হয়েছে!’
এই একটি বাক্যেই পরিষ্কার হয়ে যায়, তাঁর সিদ্ধান্ত আবেগপ্রসূত নয়, বরং পরিস্থিতির চাপে নেওয়া। গিলেসপি কোনও পক্ষের হয়ে সওয়াল করেননি বলেও স্পষ্ট করেছেন। তিনি শুধু বোঝার চেষ্টা করছিলেন, সিদ্ধান্ত নেওয়ার মানদণ্ডটি ঠিক কী।
আইসিসির ব্যাখ্যা
এই বিতর্কের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) আনুষ্ঠানিক বিবৃতি দেয়। জানানো হয়, বিসিবি-র সঙ্গে প্রায় তিন সপ্তাহ ধরে আলোচনার পর অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা বিশেষজ্ঞদের দিয়ে মূল্যায়ন করানো হয়েছে। তবু ভারতে বাংলাদেশ টিম, অফিসিয়াল বা সমর্থকদের জন্য কোনও ‘বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য’ নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। কেন্দ্র ও রাজ্য স্তরের নিরাপত্তা ব্যবস্থা, বাড়তি প্রোটোকল—সবই বোর্ডকে জানানো হয়েছিল। এরপর আলোচনায় সমাধান না হওয়ায় এবং টুর্নামেন্টের সূচি অক্ষুণ্ণ রাখতে শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে সেই জায়গায় স্কটল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।