সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার ডেভিড ওয়ার্নার! অ্যালকোহলের মাত্রা নির্ধারিত সীমার দ্বিগুণ। এই আইনি জটিলতার মধ্যে পাকিস্তান সুপার লিগে কি খেলা চালিয়ে যেতে পারবেন ওয়ার্নার? করাচি কিংস শিবিরের সর্বশেষ আপডেট পড়ুন।

ডেভিড ওয়ার্নার
শেষ আপডেট: 7 April 2026 17:26
দ্য ওয়াল ব্যুরো: মাঠে ব্যাট হাতে ঝড় তোলেন। কিন্তু মাঠের বাইরে স্টিয়ারিং হাতে একই কাণ্ড ঘটাতে গিয়ে বিপাকে ডেভিড ওয়ার্নার (David Warner)। সিডনিতে (Sydney) মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ধরা পড়েছেন অস্ট্রেলিয়ার (Australia) প্রাক্তন ওপেনার। যার ফলে ঘনিয়ে উঠেছে প্রশ্ন—পাকিস্তান সুপার লিগে (PSL 2026) তাঁর ভবিষ্যৎ কী?
অ্যালকোহল লিমিটের দ্বিগুণ
ঘটনাটি ঘটেছে ৫ এপ্রিল, রবিবার রাতে। সিডনির সাউথ ডাউলিং স্ট্রিটে পুলিশ রুটিন ব্রেথ টেস্ট চালাচ্ছিল। তখনই ধরা পড়েন ৩৯ বছরের ডেভিড ওয়ার্নার। প্রাথমিক পরীক্ষায় পজিটিভ আসার পর তাঁকে সারি হিলস থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় পরীক্ষায় অ্যালকোহল মাত্রা ধরা পড়ে ০.১০৪—যা অস্ট্রেলিয়ায় নির্ধারিত সীমার (০.০৫) দ্বিগুণেরও বেশি। এর ফলে ওয়ার্নারের বিরুদ্ধে ‘মিড-রেঞ্জ ড্রিঙ্ক ড্রাইভিং’-এর অভিযোগ আনা হয়েছে।
আইনি জটিলতা, লাইসেন্স ঝুলে যাওয়ার আশঙ্কা
এই মামলায় প্রাক্তন অজি ওপেনারকে ৭ মে আদালতে হাজিরা দিতে হবে। নিউ সাউথ ওয়েলস (New South Wales) আইন মোতাবেক বড় অঙ্কের জরিমানা, এমনকি কারাদণ্ডও হতে পারে। সবচেয়ে বড় ধাক্কা—ড্রাইভিং লাইসেন্স বাতিল বা স্থগিত হওয়ার সম্ভাবনা। আপাতত ওয়ার্নারকে আটক রাখা হয়নি। তদন্ত চলবে। পাশাপাশি নির্দিষ্ট দিনে আদালতে উপস্থিত থাকতে হবে।
পিএসএল-এ ফেরা আটকাবে?
গুরুত্বপূর্ণ প্রশ্ন—ঘটনার প্রভাব কি পিএসএল-এ পড়বে? প্রাথমিক রিপোর্ট বলছে, এখনই কোনও বাধা নেই। কারণ এ ধরনের মামলায় সাধারণত ভ্রমণে নিষেধাজ্ঞা থাকে না। ওয়ার্নারের পাসপোর্টও জব্দ করা হয়নি। ফলে তিনি পাকিস্তানে ফিরতে পারবেন। সূত্রের খবর, ৯ এপ্রিল পেশোয়ার জালমির (Peshawar Zalmi) বিরুদ্ধে ম্যাচের আগে তিনি করাচি কিংস শিবিরে (Karachi Kings) যোগ দেবেন।
পিসিবি এখনও চুপ, শাস্তির সম্ভাবনা?
এই ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এখনও কোনও সরকারি বিবৃতি দেয়নি। সাধারণত, বিদেশে ব্যক্তিগত আইনি সমস্যাকে আলাদা করে দেখা হয়। তবে যদি তা ক্রিকেটের ভাবমূর্তিতে প্রভাব ফেলে, তখন ব্যবস্থা নেওয়া হতে পারে। এখনই বড় শাস্তির সম্ভাবনা কম, কিন্তু পরিস্থিতির দিকে নজর থাকবে।
মাঠে কিন্তু ছন্দে ছিলেন ওয়ার্নার। ২ এপ্রিল রাওয়ালপিন্ডির (Rawalpindi) বিরুদ্ধে ৩৬ বলে হাফসেঞ্চুরি করে দলকে জিতিয়েছিলেন। করাচি কিংসকে দুর্দান্ত নেতৃত্বও দিচ্ছিলেন। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্যায়ে এই ঘটনা দলের কাছে অস্বস্তি। সব মিলিয়ে, আইনি ঝামেলা আর ক্রিকেট—দুটো ফ্রন্টেই এখন চাপের মুখে ডেভিড ওয়ার্নার। আপাতত স্বস্তির জায়গা একটাই—পিএসএল অভিযান থামছে না। কিন্তু এই বিতর্ক মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলবে কিনা—প্রশ্ন রয়ে গেল।