ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংসেই শতকের দেখা পেয়েছেন সহ-অধিনায়ক পন্থ। ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটার একধাপ উঠে এখন রয়েছেন সপ্তম স্থানে। প্রথম দশে তিনি ছাড়া রয়েছেন যশস্বী জয়সওয়াল।

ঋষভ পন্থ ও জশপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 25 June 2025 18:39
দ্য ওয়াল ব্যুরো: হেডিংলি টেস্টে হেরে গিয়েছে ভারত। কিন্তু এই ম্যাচে ভারতের চারজন ব্যাটার মিলে পাঁচটি সেঞ্চুরি করেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই প্রথম কোনও ঘটনা, যেখানে একটি দল হেরে গেল পাঁচটি সেঞ্চুরি হওয়ার পরও।
তবে পাঁচ শতকের সুফল অবশ্য পেয়েছেন ঋষভ পন্থ, শুভমান গিল, লোকেশে রাহুল। সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ের (ICC Test Ranking) ব্যাটারদের তালিকায় সবাই উঠে এসেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংসেই শতকের দেখা পেয়েছেন সহ-অধিনায়ক পন্থ। ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটার একধাপ উঠে এখন রয়েছেন সপ্তম স্থানে। প্রথম দশে তিনি ছাড়া রয়েছেন যশস্বী জয়সওয়াল।
ঋষভের পাশাপাশি র্যাঙ্কিংয়ে বেশ কয়েক ধাপ এগিয়েছেন শুভমান গিল (Shubman Gill) ও লোকেশ রাহুল (Lokesh Rahul)। সেই সঙ্গে বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন লিডস টেস্টে পাঁচ উইকেট নেওয়া জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।
অতীতে টেস্ট র্যাঙ্কিংয়ের প্রথম পাঁচেও ছিলেন ঋষভ পন্থ। কিন্তু এবার তিনি যে রেটিং পয়েন্ট অর্জন করেছেন, তা তাঁর কেরিয়ারের সর্বোচ্চ। পন্থের রেটিং পয়েন্ট এখন ৮০১ রেটিং। ষষ্ট স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার থেকে মাত্র ৬ রেটিং পয়েন্টে পিছিয়ে তিনি।
এদিকে, হেডিংলিতে গত রাতে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জয়ের নায়ক বেন ডাকেট পাঁচ ধাপ এগিয়ে উঠেছেন কেরিয়ারের সর্বোচ্চ অষ্টম স্থানে। তবে ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষ ছয়ে কোনও পরিবর্তন নেই। ইংল্যান্ডের জো রুটই আছেন সবার ওপরে।
হেডিংলের শতক অনেকটাই এগিয়ে দিয়েছে শুভমান গিলকে। পাঁচ ধাপ উপরে উঠে তিনি রয়েছেন ২০তম স্থানে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসের অনবদ্য সেঞ্চুরির পর লোকেশ রাহুল ১০ ধাপ উপরে উঠে ৩৮ নম্বরে। ভারতীয় ব্যাটারদের মধ্যে সবার উপরে এখনও রয়েছেন যশস্বী জয়সওয়াল। আইসিসি ক্রমতালিকায় তিনি রয়েছেন চতুর্থ স্থানে।
বোলিংয়ে শীর্ষ পাঁচেও কোনও পরিবর্তন হয়নি। যথারীতি শীর্ষ স্থান ধরে রেখেছেন বুমরাহ। তিনি ছাড়া আর কোনও ভারতীয় বোলার অবশ্য প্রথম দশে নেই। রবীন্দ্র জাদেজা ৩ ধাপ নেমে গিয়ে রয়েছেন ১৩তম স্থানে। কুলদীপ যাদব রয়েছেন ২৫ নম্বরে। আর মহম্মদ সিরাজ রয়েছেন ৩০ নম্বরে।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে ব্যাটে-বলে ব্যর্থ হলে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে রবীন্দ্র জাদেজা। এরপরই আছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।