এদিকে, টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড স্যার রবি শাস্ত্রীও টিম ম্যানেজমেন্টকে সতর্ক করে বলেছেন, এজবাস্টনে দ্বিতীয় টেস্টে জশপ্রীত বুমরাহ না থাকলে কিন্তু ০-২ ব্যবধানে পিছিয়ে পড়তে হবে।

জসপ্রীত বুমরাহ ও রবি শাস্ত্রী
শেষ আপডেট: 25 June 2025 17:51
দ্য ওয়াল ব্যুরো: হেডিংলিতে প্রথম টেস্টে হেরে ইংল্যান্ড সফর শুরু করেছে ভারত। এই টেস্টে ভারতীয় বোলিং ব্রিগেডকে একেবারে নির্বিষ দেখিয়েছে। একদিনের ক্রিকেটের মেজাজে তাঁদের বিরুদ্ধে রান তুলেছেন ইংরেজ ব্যাটাররা। ম্যাচের শেষ দিনে ৩৫০ রান তুলে পাঁচ উইকেটে টেস্ট জিতেছে ইংল্যান্ড।
তবে ভারতীয় বোলিংয়ে একটাই প্রাপ্তি, আর সেটা যথারীতি জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। প্রথম ইনিংসে পাঁচটি উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে অবশ্য তিনি উইকেটহীন ছিলেন। তবে এটা বোঝা গিয়েছে, বুমবুম-কে ছাড়া সত্যিই অসহায় ভারতীয় বোলিং।
এদিকে, টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে বুমরাহর ওয়ার্কলোডের কথা ভেবে পাঁচটি নয়, তিনটি টেস্টে খেলানো হবে। এই পেসারকে পাঁচটি টেস্টে খেলানোর বিষয়ে সুনীল গাভাসকরও আবেদন করেছিলেন। কিন্তু টিম ইন্ডিয়া হেড কোচ গৌতম গম্ভীর সাফ জানিয়ে দিয়েছেন, এই সিদ্ধান্তের কোনও নড়চড় হবে না।
এদিকে, টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড স্যার রবি শাস্ত্রীও (Ravi Shastri) টিম ম্যানেজমেন্টকে সতর্ক করে বলেছেন, এজবাস্টনে দ্বিতীয় টেস্টে (Edgbaston) জশপ্রীত বুমরাহ না থাকলে কিন্তু ০-২ ব্যবধানে পিছিয়ে পড়তে হবে।
এদিকে, পাঁচ ম্যাচের সিরিজে ভারত ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা সত্ত্বেও, ইংল্যান্ড সফরে জশপ্রীত বুমরাহকে মাত্র তিনটি টেস্টে খেলানোর পূর্বনির্ধারিত পরিকল্পনায় অটল রয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। হেডিংলিতে বোলিং পারফরম্যান্সে বুমরাহই একমাত্র উজ্জ্বল দিক ছিলেন। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে বুমরাহকে বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী। জাতীয় দলের এই প্রাক্তন কোচ টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টকে সতর্ক করে বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়ার মানে আরও একটি পরাজয়ের দিকে এগিয়ে যাওয়া।