গতকাল ট্রেনিং সেশনে প্র্যাকটিসে নামেন বুমরাহ। ছিলেন স্বাভাবিক ছন্দে। কোনও রকম অস্বস্তি দেখা যায়নি।

জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 29 June 2025 18:57
দ্য ওয়াল ব্যুরো: জসপ্রীত বুমরাহ কি নামবেন এজবাস্টনে? খেলবেন দ্বিতীয় টেস্ট? প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া ধরাশায়ী হওয়ার পর এই নিয়ে সংশয় আর জল্পনা দানা বেঁধেছিল সমর্থকদের মনে।
অতিসম্প্রতি চাউর হয়, দু’নম্বর ম্যাচে খেলতে দেখা যাবে না বুমরাহকে। কারণ ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। চিকিৎসকদের কথামাফিক তিনি নাকি স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছেন। এই খবরে সিলমোহর না দিলেও কোচ গৌতম গম্ভীর জানান, টিম ম্যানেজমেন্ট আগের অবস্থানেই অনড়—চলতি সিরিজের পাঁচটি টেস্ট খেলবেন না দলের এক নম্বর পেসার। সবচেয়ে বেশি তিনটি টেস্ট খেলতে পারেন, এর বেশি নয়! কিন্তু বাকি কোন দুটি টেস্ট? সওয়ালের জবাবে মুখে কুলুপ আঁটেন গম্ভীর। একইভাবে নিরুত্তর শুভমান গিলও।
যদিও গতকাল ট্রেনিং সেশনে প্র্যাকটিসে নামেন বুমরাহ। ছিলেন স্বাভাবিক ছন্দে। কোনও রকম অস্বস্তি দেখা যায়নি। শুক্রবার প্রস্তুতি বন্ধ থাকার পর শনিবার দলের অধিকাংশ সদস্য হাজির হন। তখনই বল করতে দেখা যায় বুমরাহকে। অন্তত আধ ঘণ্টা প্র্যাকটিস করেন। তারপর ফিরে যান।
এই সূত্রে প্রশ্ন জমতে শুরু করেছে—তবে কি দোসরা জুলাইয়ের এজবাস্টন ম্যাচে জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন বুমরাহ? শনিবারের নেট সেশন ‘ঐচ্ছিক’ ছিল, টিমের চার ‘শতকবীর’—শুভমান গিল, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল ছাড়া সবাই যোগ দেন। সেখানে বুমরাহ চাইলেই বিরতি নিতে পারতেন। কিন্তু নেননি। তাই জল্পনা ও গুঞ্জন আরও জোরালো হয়েছে।
গতকালের প্রস্তুতিতে জোর দেওয়া হয় বোলারদের ব্যাটিং প্র্যাকটিসে। লিডসে টিমের লোয়ার অর্ডার সেভাবে রান করতে পারেনি। প্রথম ইনিংসে ৪১ রানে ৭ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট ৩১ রানে হারানোর জেরে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারে ধস নামে। যে কারণে অনেক বড় টার্গেট দাঁড় করানোর সুযোগ থাকলেও ভারত ৩৭১ রানের লক্ষ্য ছুড়ে দেয়। পাঁচ উইকেট খুইয়ে সেই টার্গেট হাসিল করে ইংল্যান্ড।