জাভেদ ভাই, তুমি ভাল করোনি। তুমি আমার বিয়ে নষ্ট করে দিয়েছিলে। সেদিন তুমি ছক্কা মেরেছিলে।

আমির খান ও জাভেদ মিয়াঁদাদ
শেষ আপডেট: 12 July 2025 19:43
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট এবং বলিউডের সম্পর্ক অনেক পুরনো। মনসুর আলি খান পাতৌদি-শর্মিলা ঠাকুর, গ্যারি সোবার্স-অঞ্জু মহেন্দ্র, ভিভিয়ান রিচার্ডস-নীনা গুপ্তা, রীনা রায়-মহসিন খান, রবি শাস্ত্রী-অমৃতা সিং- এরকম অনেক সম্পর্ক বলিউডের অলিতে-গলিতে কান রাখলেই শোনা যায়। আর বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, কেএল রাহুল-আথিয়া শেঠির সম্পর্ক তো রীতিমতো টাটকা।
এই সব সম্পর্কের সব কয়টি হয়তো বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছয়নি। তবে আলোচনা মাঝে মধ্যেই হয়ে চায়ের কাপ হাতে নিয়ে। পাশাপাশি শাহরুখ খান এবং প্রীতি জিনতার মতো কিছু বলিউড সেলিব্রিটিও ক্রিকেট দলের মালিক এখন।
গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের সময়ও বলিউডের সেলিব্রিটিদের স্টেডিয়ামে দেখা যায়। আমির খানও সেই সেলিব্রিটিদের একজন। ২০১৩ সালে শচীন তেন্ডুলকর যখন ক্রিকেট থেকে অবসর নেন বা ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে যখন এমএস ধোনি ছক্কা মেরে ভারতকে চ্যাম্পিয়ন করে, তখন ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত লাগান-এর নায়ক।
এই সুপারস্টারের ক্রিকেট সংযোগ এখানেই শেষ নয়। সম্প্রতি, লালানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। আমির খান জানিয়েছেন কীভাবে জাভেদ মিঁয়াদাদের (Javed Miandad) একটি ছক্কা তাঁর দাম্পত্য জীবনের সুখ নষ্ট করে দিয়েছিল।
আসলে, আমির খান ১৯৮৬ সালের ১৮ এপ্রিল গোপনে রীনাকে (আমির খানের প্রথম স্ত্রী) বিয়ে (Aamir Khan’s Marriage) করেছিলেন। যেদিন তাঁদের বিয়ে হয়, সেদিনই অস্ট্রেলেশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে শেষ বলে ছক্কা মেরে জাভেদ মিয়াঁদাদ পাকিস্তানকে ম্যাচ জিতেছিলেন। ভারতের হয়ে শেষ ওভারটি করছিলেন চেতন শর্মা। শেষ বলটি তিনি করতে চেয়েছিলেন ইয়র্কার। কিন্তু তা হয়ে যায় লোপ্পা ফুলটস। সেই বলকে সহজেই বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন মিয়াঁদাদ।
লালানটপকে দেওয়া সাক্ষাৎকারে আমির খান বলেন, "রীনা আর আমি গোপনে বিয়ে করেছিলাম এবং আমাদের বাবা-মাকেও কিছু বলিনি। ঠিক সেই দিনই শারজায় শেষ বলে ছক্কা মেরে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে জয় এনে দিয়েছিলেন মিঁয়াদাদ। বাড়ি ফিরে আমরা খুব টেনশনে ছিলাম, কিন্তু কেউ আমাদের কিছু জিজ্ঞাসা করেনি কারণ সবাই ম্যাচটি দেখছিল।"
আমির আরও বলেন, "যেদিন আমার বিয়ে হয়েছিল, সেদিন আমি ডাবল খুশি ছিলাম অনেকটা সময় পর্যন্ত। কারণ ম্যাচ ভারত প্রায় জিতেই গিয়েছিল। সেটাও আবার পাকিস্তানের বিপক্ষে। কিন্তু তারপর মিয়াঁদাদের সেই ছক্কা। আমরা হেরে গেলাম। অনেক বছর পর জাভেদ মিয়াঁদাদের সঙ্গে আমার দেখা হয়েছিল একটি বিমানে। আমি তাকে বলেছিলাম, জাভেদ ভাই, তুমি ভাল করোনি। তুমি আমার বিয়ে নষ্ট করে দিয়েছিলে। সেদিন তুমি ছক্কা মেরেছিলে। আমি বিষণ্ণতায় ডুবে গিয়েছিলাম।"