মেরিন ড্রাইভ থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তে কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। স্বাভাবিক মৃত্যু বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে দায়ের করা হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা। তদন্ত চলছে।

উইলিয়াম ল্যাংফোর্ড
শেষ আপডেট: 31 March 2026 16:53
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল-উত্তেজনার (IPL 2026) মধ্যে মর্মান্তিক খবর। মুম্বইয়ের একটি হোটেল থেকে উদ্ধার ৭৬ বছর বয়সী ব্রিটিশ সম্প্রচার প্রকৌশলীর দেহ। আজই অচেতন অবস্থায় তাঁকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কীভাবে পাওয়া গেল তাঁকে?
সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম উইলিয়াম ল্যাংফোর্ড (Jan William Langford)। বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিতে আইপিএলের সম্প্রচার কাজে যুক্ত ছিলেন। ২৪ মার্চ থেকে মুম্বইয়ের ট্রাইডেন্ট হোটেলে ওঠেন তিনি। রবিবার মুম্বই ইন্ডিয়ানস বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ শেষে নিজের রুমেই ফিরেছিলেন। পরের দিন সকালে রিসেপশন থেকে ফোন করা হলে কোনও সাড়া মেলেনি। হোটেলকর্মীরা দরজায় টোকা দিলেও জবাব আসেনি। শেষে মাস্টার কি দিয়ে ঘর খুলতেই দেখা যায়, ল্যাংফোর্ড মেঝেতে পড়ে। হোটেলের চিকিৎসক প্রথমে দেখেন। তারপর দ্রুত মুম্বই হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় পৌঁছনোর আগেই ল্যাংফোর্ড মারা গিয়েছেন।
তদন্তে কী পাওয়া গেল?
মেরিন ড্রাইভ থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তে কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। স্বাভাবিক মৃত্যু বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে দায়ের করা হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা। তদন্ত চলছে।
উল্লেখ্য, যে ম্যাচ দেখে ঘরে ফিরেছিলেন ল্যাংফোর্ড, সেই ম্যাচে রোহিত শর্মা ৩৮ বলে ৭৮ ও রায়ান রিকেলটন ৪৩ বলে ৮১ রান করে মুম্বইকে (Mumbai Indians) ২২১ রানের লক্ষ্য ১৯.১ ওভারেই পার করিয়ে দেন। ১৩ বছর পর আইপিএলের প্রথম ম্যাচে জিতে নেয় হার্দিক বাহিনী। কিন্তু সেই আনন্দের রাতে এই মর্মান্তিক পরিণতি।