খেলায় হার-জিত থাকবেই। কিন্তু পরাজয় যদি আসে প্রাথমিক পরিকল্পনার গলদ থেকে, তখন প্রশ্নটা বড় হয়ে দাঁড়ায়।

চেন্নাই আদৌ 'প্রস্তুত' তো?
শেষ আপডেট: 31 March 2026 11:34
দ্য ওয়াল ব্যুরো: খেলায় হার-জিত থাকবেই। কিন্তু পরাজয় যদি আসে প্রাথমিক পরিকল্পনার গলদ থেকে, তখন প্রশ্নটা বড় হয়ে দাঁড়ায়।
আইপিএলের (IPL 2026) শুরুতে সেই চিরচেনা আতান্তরে গেলবারের ‘লাস্ট বয়’ চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে একতরফা হারের পর পারফরম্যান্স নয়, বরং দল বাছাই নিয়েই ঘনিয়ে উঠেছে একগাদা সওয়াল। যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁদের অন্যতম প্রাক্তন ক্রিকেটার পীযূষ চাওলা (Piyush Chawla)। সোজাসাপটা বক্তব্য—গোটা দলটাকেই তাঁর বেশ ‘কনফিউজড’ লাগছে!
শুরুতেই ধাক্কা, পরিকল্পনা কই?
ম্যাচের গোড়ায় চেন্নাইয়ের ব্যাটিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ৩.১ ওভারে ১৯/৩। এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর জন্য স্পষ্ট পরিকল্পনা দরকার। কিন্তু সেই বস্তুটিই উধাও! চাওলার কথায়, ‘টিমটাকে একদম প্রস্তুত মনে হয়নি। যখন স্পষ্টতা থাকে না, তখন এমনটাই হয়।’অর্থাৎ সমস্যা শুধু ব্যর্থতা নয়, গলদ লুকিয়ে সেই ব্যর্থতার ধরনে।
সরফরাজকে নিয়ে প্রশ্ন
সবচেয়ে বড় সমালোচনা উঠেছে সরফরাজ খানকে (Sarfaraz Khan) কাজে লাগানো (কিংবা না লাগানো) নিয়ে। ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis) চোটের জেরে বাইরে থাকায় সুযোগ ছিল তাঁকে উপরের দিকে খেলানোর। কিন্তু চেন্নাই ম্যানেজমেন্ট ইমপ্যাক্ট সাব হিসেবে নামায়, তাও দেরিতে, যখন ম্যাচ প্রায় হাতছাড়া! ১২ বলে ১৭ রান করে আউট হন সরফরাজ। তাঁর ইনিংস গড়ার সুযোগ জুটল কই?
এই ইস্যুকে নিশানা করে চাওলার মন্তব্য—‘যদি ওকে টপ অর্ডারে ভাবা হয়, তাহলে শুরু থেকে একাদশে রাখা উচিত ছিল!’ একই কথা উর্বিল প্যাটেলের (Urvil Patel) ক্ষেত্রেও প্রযোজ্য বলে মনে করছেন তিনি।
ব্যাটিং ধস, লড়াই একপেশে
চেন্নাই শেষমেশ ১২৭ রানে অলআউট। একটা সময় স্কোর দাঁড়ায় ৯৪/৯। অর্থাৎ স্কোরকার্ড একশো পেরোবে কি না, সন্দেহ ছিল। শেষদিকে জেমি ওভারটনের (Jamie Overton) ৪৩ রানে কিছুটা হলেও সম্মান রক্ষা হয়। কিন্তু টার্গেটে লড়াই করার মতো কিছুই ছিল না। যোগ্য দল হিসেবেই রাজস্থান ৮ উইকেটে হাসতে হাসতে জিতে যায়, হাতে ৪৭ বল বাকি রেখে। লড়াই সবদিক দিয়ে একপেশে।
সামনে বড় পরীক্ষা
এই হারের পর চাপ আরও বাড়তে চলেছে। কারণ পরের ম্যাচেই ঘরের মাঠে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে নামতে হবে। দল বাছাই নিয়ে যদি এই অনিশ্চয়তা চলতে থাকে, তাহলে পরিস্থিতি জটিল হওয়ার সমূহ সম্ভাবনা। আইপিএলের মতো টুর্নামেন্টে শুরুটা বেশ গুরুত্বপূর্ণ। সেখানে প্রথম ম্যাচে এমন বিভ্রান্তি বড় সতর্কবার্তা। চেন্নাইয়ের সামনে এখন একটাই চ্যালেঞ্জ—দ্রুত স্বচ্ছ পরিকল্পনায় ফেরা। নইলে ‘পারফরম্যান্স’নিয়ে আলোচনা করার আগে প্রশ্ন উঠবে—দলটা আদৌ ঠিকমতো তৈরি তো?