সৌরভের সাফ বার্তা—গম্ভীরকে ‘ভাল পিচে’ খেলতেই হবে। উইকেটকে কাজে লাগিয়ে তিন দিনে ম্যাচ জেতার চেষ্টা করলে চলবে না। পাঁচ দিনে টেস্ট জেতার রাস্তায় ফিরতে হবে।
.jpeg.webp)
মহম্মদ সামি
শেষ আপডেট: 17 November 2025 13:53
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ইডেনে ৩০ রানে পরাজয়ের পর টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) সাফ সাফ পরামর্শ দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর বক্তব্য স্পষ্ট—টেস্ট দলে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনতে হবে মহম্মদ সামিকে (Mohammed Shami)। ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC Final) ফাইনালের পর থেকেই বাইরে রয়েছেন ভারতের অভিজ্ঞ পেসার। তারপর ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা—কোনও সিরিজেই তাঁকে বিবেচনায় রাখা হয়নি।
ইডেনে দুরন্ত ম্যাচে দক্ষিণ আফ্রিকার ১৫ বছর পর ভারতজয়ের প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে ফাস্ট বোলিং কম্বিনেশন নিয়েও। সামিকে বাদ দেওয়া প্রসঙ্গে আগেই নির্বাচক প্রধান অজিত আগরকার (Ajit Agarkar) জানিয়েছিলেন—সামির ম্যাচ–প্র্যাকটিস কম, ফিটনেস পুরোপুরি সন্তোষজনক নয়। কিন্তু সৌরভ মনে করছেন, পরিস্থিতি এখন অন্য কথা বলছে।
এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন অধিনায়কের বক্তব্য, গম্ভীরকে তিন পেসার—জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং সামির ওপর পূর্ণ আস্থা রাখতেই হবে। সৌরভ বলেন—‘গম্ভীর খুব ভাল করেছে ২০১১ আর টি২০ বিশ্বকাপে। কিন্তু ওকে ভারতে চমৎকার পিচেই খেলতে হবে। বুমরাহ, সিরাজ আর সামির ওপর ভরসা রাখো। সামির দলে থাকা উচিত। ও আর স্পিনাররাই ম্যাচ জিতিয়ে দেবে।’
ঘরোয়া ক্রিকেটে ফিরে চলতি মরসুমে বাংলার পেসার ছন্দে—চার ম্যাচে ১৭ উইকেট, গড় ১৭.৩৫। এই ফর্মই সৌরভের বক্তব্যকে আরও জোরালো করছে। তাঁর মতে, ভারত দলে অভিজ্ঞ পেসারের উপস্থিতি শুধু আক্রমণকে তীক্ষ্ণই করবে না, বরং স্পিন–সমর্থিত পিচে ভারসাম্যও এনে দেবে।
এখানেই শেষ নয়। সৌরভের সাফ বার্তা—গম্ভীরকে ‘ভাল পিচে’ খেলতেই হবে। উইকেটকে কাজে লাগিয়ে তিন দিনে ম্যাচ জেতার চেষ্টা করলে চলবে না। পাঁচ দিনে টেস্ট জেতার রাস্তায় ফিরতে হবে। সৌরভের কথায়—‘ভাল উইকেটে খেলো। আশা করি গম্ভীর শুনছে। পিচকে গেম থেকে বের করতে হবে। ব্যাটাররা যদি ৩৫০–৪০০ তুলতে না পারে, টেস্ট জিতবে কী করে? ইংল্যান্ডে আমরা জিতেছিলাম কারণ ব্যাটাররা রান তুলেছিলেন। নিজের লোকদের ভরসা করো এবং পাঁচ দিনে ম্যাচ জেতো, তিন দিনে নয়।’
ইডেনে ভারতের ১২৪ রানের সামান্য লক্ষ্য তাড়া করতে না পারার ধাক্কা এখনও তাজা। এরই মধ্যে দ্বিতীয় টেস্ট বসবে গুয়াহাটিতে (Guwahati), ২২ নভেম্বর থেকে।