পিসিবির তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে জানুয়ারি ৩০ বা ফেব্রুয়ারি ২ তারিখের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ্যে আসতে পারে।
.jpeg.webp)
পাকিস্তান টিম
শেষ আপডেট: 29 January 2026 12:42
দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ্যে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি। আর আড়ালে? কলম্বোর বিমানের টিকিট কাটা হয়ে গিয়েছে আগেই। টি-২০ বিশ্বকাপ ২০২৬ (T20 World Cup 2026) ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) অবস্থান নিয়ে এবার জোর চর্চা আন্তর্জাতিক ক্রিকেটমহলে। বিশ্বস্ত সূত্রের খবর, টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে পাকিস্তান দলকে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর (Colombo) উদ্দেশে ফ্লাইট বুকিংও সেরে ফেলেছে টিম ম্যানেজমেন্ট।
বাইরে বয়কটের নাটক, আড়ালে প্রস্তুতি
বাংলাদেশকে (Bangladesh) সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কটের সম্ভাবনার কথা তুলেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi)। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত থেকে ভেন্যু সরানোর বাংলাদেশের আবেদন নাকচ হয়ে যাওয়ার পরেই এই অবস্থান নেয় পাকিস্তান। কিন্তু টেলিকম এশিয়া স্পোর্টসের (Telecom Asia Sport) রিপোর্ট মোতাবেক, বাস্তবে সেই পথে হাঁটা হচ্ছে না। বরং, অস্ট্রেলিয়া দলের (Australia cricket team) সঙ্গেই কলম্বো উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সলমন আলি আগার (Salman Ali Agha) নেতৃত্বাধীন দল।
সরকারের সবুজ সংকেত, আর্থিক ঝুঁকিতে ‘না’
সূত্রের খবর, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Sharif) সঙ্গে বৈঠকে বিষয়টি ওঠে। প্রধানমন্ত্রী নীতিগত ভাবে বাংলাদেশের পাশে থাকার কথা বললেও স্পষ্ট জানিয়ে দেন—বিশ্বকাপ বয়কট করলে আর্থিক ক্ষতি বিপুল। সেই ঝুঁকি নিতে সরকার অপারগ।
এ ছাড়া প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি (Asif Zardari), সেনাবাহিনীর শীর্ষ মহল এবং প্রাক্তন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি (Najam Sethi) ও রমিজ রাজা (Ramiz Raja)—সবার মত এক: পাকিস্তানের বিশ্বকাপে খেলা উচিত। ভারতের (India) বিরুদ্ধে গ্রুপ ম্যাচ বয়কটের ভাবনাতেও কার্যত জল ঢেলে দেওয়া হয়েছে।
আনুষ্ঠানিক ঘোষণা বাকি, প্রস্তুতি চলছেই
যদিও পিসিবির তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে জানুয়ারি ৩০ বা ফেব্রুয়ারি ২ তারিখের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ্যে আসতে পারে। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করতে চলেছে পাকিস্তান, আর সেই সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতিও চালিয়ে যাওয়ার নির্দেশ এসেছে। সব মিলিয়ে ছবিটা স্পষ্ট—বয়কটের স্লোগান যতই জোরালো হোক, বাস্তবে টি-২০ বিশ্বকাপে মাঠে নামার পথেই হাঁটছে পাকিস্তান।