পাওয়ারহিটিংয়ের সঙ্গে শট সিলেকশন—ভারসাম্য নিখুঁত। মূল মন্ত্র: পরিস্থিতি বুঝে গতি বাড়ানো!

আমন রাও
শেষ আপডেট: 6 January 2026 14:39
দ্য ওয়াল ব্যুরো: বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) মঙ্গলবার রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে (Niranjan Shah Stadium, Rajkot) যে ইনিংসটা খেললেন আমন রাও (Aman Rao), সেটা শুধু বড় স্কোর নয়—কেরিয়ারের মোড় ঘোরানোর ঘোষণা। হায়দরাবাদের (Hyderabad) ওপেনার বাংলার (Bengal) বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করলেন, সেটাও কিনা ছক্কা মেরে। ইনিংস শেষ—স্কোরবোর্ডে ২০০*। হায়দরাবাদ ৫০ ওভারে তুলল ৩৫২/৫।
২১ বছর বয়সি আমন লিস্ট ‘এ’ (List A) ক্রিকেটে মাত্র তৃতীয় ম্যাচ খেলছেন। আগের দু’ইনিংস—৩৯ আর ১৩। সেখান থেকে সোজা ডবল সেঞ্চুরি। ১৫৪ বলে ২০০*, ১২টি চার, ১৩টি ছক্কা। বাংলার বোলিং আক্রমণে ছিলেন মহম্মদ সামি (Mohammed Shami), মুকেশ কুমার (Mukesh Kumar), আকাশ দীপ (Akash Deep), সঙ্গে শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। নাম দেখে নার্ভাসনেসের কোনও চিহ্ন নেই। বরং, বড় নামগুলোকেই বেছে বেছে টার্গেট করেছেন আমন।
এই ২০০ হায়দরাবাদের লিস্ট ‘এ’ ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। বিজয় হাজারে ট্রফির ইতিহাসে নবম দ্বিশতরান। চলতি মরশুমে দ্বিতীয়—এর আগে ওড়িশার স্বস্তিক সমল (Swastik Samal) পেরিয়েছেন দুশো।
ইনিংস গড়ার রসায়ন
আমন প্রথমে ইনিংস সেট করলেন। পঞ্চাশ এল ৬৫ বলে। শতরান ১০৮ বলে। এরপর গিয়ার বদল। দ্বিতীয় শতরান মাত্র ৪৬ বলে। শেষ ওভারে হিসেবটা স্ট্রেটকাট—১৯৪-এ দাঁড়িয়ে শেষ বল। কোনও সিঙ্গল নয়, কোনও ‘সেফ’ অপশন নয়—লং-অন দিয়ে সোজা ছক্কা। ঝুলিতে ২০০।
পরিসংখ্যান পরিষ্কার। অভিজ্ঞ পেস ত্রয়ীর বিরুদ্ধে আমন একাই তুলেছেন ১২০ রান, তার মধ্যে আটটি ছক্কা। পাওয়ারহিটিংয়ের সঙ্গে শট সিলেকশন—ভারসাম্য নিখুঁত। মূল মন্ত্র: পরিস্থিতি বুঝে গতি বাড়ানো!
কে এই আমন রাও?
আমন রাও (Aman Rao) জন্মেছেন আমেরিকার উইসকনসিনে (Wisconsin, USA)। বড় হয়েছেন হায়দরাবাদে। ডানহাতি ওপেনার, আগ্রাসী স্টাইল। সাদা বলের ক্রিকেটে স্ট্রাইক রেটই তাঁর পরিচয়—টি-টোয়েন্টিতে ১৬০-র উপরে। বয়সভিত্তিক ক্রিকেটে বরাবর ধারাবাহিক। অনূর্ধ্ব-২৩ রাজ্য টুর্নামেন্টে (Under-23 State Trophy) ছ’ম্যাচে ৩৮১—একটি শতরান, তিনটি অর্ধশতরান, গড় ৬৩.৫০। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) মুম্বইয়ের (Mumbai) বিরুদ্ধে দ্রুত হাফসেঞ্চুরি করে নজরে আসেন—ওপেনিং ওভারে শার্দূল ঠাকুরকে (Shardul Thakur) ঠেঙিয়ে তোলেন ২৪ রান।
সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় আইপিএল নিলামে (IPL Auction 2026) রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) তাঁকে নেয় ৩০ লক্ষ টাকায়। আর এবার বিজয় হাজারেতে ডাবল সেঞ্চুরি—সিনিয়র ক্রিকেটে প্রথম শতরান বদলে গেল দুশোয়।