সব মিলিয়ে বার্তাটা পরিষ্কার—ফিটনেস বা ছন্দ কোনওটাই সমস্যা নয়। লম্বা রানআপে দৌড়চ্ছেন, কড়া লেংথে বল ফেলছেন, ব্রেকথ্রুও এনে দিচ্ছেন।

মহম্মদ সামি
শেষ আপডেট: 9 December 2025 13:33
দ্য ওয়াল ব্যুরো: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (SMAT) আবারও ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়লেন মহম্মদ সামি। এবার হরিয়ানার বিরুদ্ধে। স্পষ্ট বার্তা দিলেন নির্বাচকদের। বাংলার অভিজ্ঞ পেসার ৪ ওভারে ৩০ রান খরচ করে নিলেন ৪ উইকেট। হরিয়ানা নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ১৯১/৯।
টুর্নামেন্টে এটি সামির টানা তৃতীয় ম্যাচ যেখানে তিনি ৩ উইকেট বা তার বেশি নিয়েছেন। এর আগে সার্ভিসেসের বিরুদ্ধে ৪/১৩, পুদুচেরির বিরুদ্ধে ৩/২৪। ধারাবাহিক এই সাফল্য তাঁকে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তিন নম্বর স্থানে তুলে দিয়েছে। যদিও তাতে বাংলা, যারা টানা দ্বিতীয় ম্যাচে হার এড়াতে ব্যর্থ, তাদের খুব একটা উপকার হয়নি!
এখন পর্যন্ত ৭ ইনিংসে সামির ঝুলিতে ১৬ উইকেট। গড় ১৪.৯৩, ইকনোমি রেট ৮.৯০। সেরা বোলিং ৪/১৩। দেশের হয়ে অনেকদিন দেখা যায়নি। ফিটনেস এবং আরও বহুবিধ অছিলায় দলের বাইরে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিই সামির সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে—এমন ফর্ম নিয়েও কেন জাতীয় টিমে সুযোগ পাচ্ছেন না অভিজ্ঞ পেসার?
শুধু ওয়ানডে নয়, টেস্টেও একইভাবে ব্রাত্য সামি। লাল বলে শেষ ম্যাচ ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল—যেখানে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। এরপর আর কোনও ফরম্যাটেই ডাক মেলেনি। প্রধান নির্বাচক অজিত আগরকর আগেই জানিয়েছিলেন, ইংল্যান্ড সফরের দল থেকে বাংলার বোলারকে বাদ দেওয়া হয় ফিটনেসজনিত কারণে। তার আগে সামির সঙ্গে একাধিকবার কথা হয়েছিল বলেও জানান তিনি।
সামির সাম্প্রতিক পারফরম্যান্স কিন্তু অন্য ছবি মেলে ধরছে। সেপ্টেম্বর মাসে দলীপ ট্রফিতে প্রত্যাবর্তনের পর থেকেই ঘরোয়া ময়দানে নিয়মিত খেলছেন তিনি। রঞ্জি ট্রফিতে চার ম্যাচে নিয়েছিলেন ২০ উইকেট। স্রেফ দীর্ঘ ফরম্যাট নয়, টি-২০-তেও সমানতালে নিজের ধার দেখিয়ে চলেছেন।
সব মিলিয়ে বার্তাটা পরিষ্কার—ফিটনেস বা ছন্দ কোনওটাই সমস্যা নয়। লম্বা রানআপে দৌড়চ্ছেন, কড়া লেংথে বল ফেলছেন, ব্রেকথ্রুও এনে দিচ্ছেন। এখন দেখার, নির্বাচকরা সামির এই ধারাবাহিক পারফরম্যান্সকে গুরুত্ব দিয়ে কত জলদি জাতীয় দলের পথ খুলে দেন।