সাসপেন্ড করা হয়েছে কাবন পার্ক থানার ইনসপেক্টর, স্টেশন হাউস অফিসার, স্টেশন হাউস মাস্টার, সেন্ট্রাল ডিভিশনের ডিসিপি, সহকারী পুলিশ কমিশনার এবং চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামের ইন-চার্জকেও।

পুলিশ কমিশনারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী
শেষ আপডেট: 5 June 2025 22:28
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরু পদপিষ্ট হওয়ার ঘটনায় পুলিশের গাফিলতি দেখেছে কর্ণাটক সরকার (Karnataka Government)। তড়িঘড়ি ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি এবার পদক্ষেপ করা হল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে। ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে (Bengaluru Police Commissioner Suspend)। তালিকায় রয়েছেন আরও চারজন পুলিশকর্তাও।
বৃহস্পতিবার সন্ধেবেলা কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনারকে সাসপেন্ড করার খবর জানান। সাসপেন্ড করা হয়েছে কাবন পার্ক থানার ইনসপেক্টর, স্টেশন হাউস অফিসার, স্টেশন হাউস মাস্টার, সেন্ট্রাল ডিভিশনের ডিসিপি, সহকারী পুলিশ কমিশনার এবং চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামের ইন-চার্জকেও।
সিদ্দারামাইয়া আরও জানান, আরসিবি, কেএসসিএ, ইভেন্ট ম্যানেজার ডিএনএ-র কর্তাদের গ্রেফতার করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যে তদন্ত কমিশন গড়া হয়েছে তারা ৩০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে সরকারকে। বাকি সিদ্ধান্ত তার পরই।
চিন্নাস্বামী স্টেডিয়ামের (chinnaswamy stadium) বাইরে বিজয় উৎসবে পদপিষ্ট (Stampede RCB) হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় কর্নাটক হাইকোর্টের আনা স্বতঃপ্রণোদিত মামলার শুনানি শুরু হয়ে গিয়েছে। যা শুনছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ভি কামেশ্বর রাও এবং বিচারপতি সিএম জোশির ডিভিশন বেঞ্চ। আদালতে পুলিশ শুরুতেই জানায়, আমরা কোনও দায় চাপানোর কথা বলতে চাই না। যা ঘটেছিল তা আদালতের সামনে তুলে ধরতে চাই।
কর্নাটক সরকার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও বুধবার জানিয়েছিলেন, ১৫ দিনের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে। অন্যদিকে, বেঙ্গালুরুর কবন পার্ক থানার পুলিশও এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল। সেখানকার ডিসিপি সেন্ট্রাল জানিয়েছেন, অভিযুক্ত হিসাবে আরসিবি, কেএসসিএ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম রয়েছে এই মামলায়।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৮ বছরের মধ্যে প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেতাব জয়ের উৎসব পালনের আয়োজন করা হয়েছিল শহরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ওই অনুষ্ঠান দেখার জন্য জনতার ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। যাঁদের বয়স ১৩ থেকে ৩৩ বছরের মধ্যে। আহতও হয়েছেন ৪০ জন। কর্নাটক সরকার ইতিমধ্যেই মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। ক্ষতিপূরণ ঘোষণা করেছে আরসিবিও।