চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। ঘটনায় মামলা করা হয়েছে কর্নাটকের স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।

আরসিবির বিরুদ্ধে মামলা
শেষ আপডেট: 5 June 2025 19:32
দ্য ওয়াল ব্যুরো: চিন্নাস্বামী স্টেডিয়ামের (chinnaswamy stadium) বাইরে বিজয় উৎসবে পদপিষ্ট (Stampede RCB) হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। যার দায় রয়েছে আরসিবিরও (Royal Challengers Bengaluru)। ১০০ কোটিও টাকার মামলা করা উচিত দলের বিরুদ্ধে, এমনটা আগেই জানিয়েছিলেন বিশ্বজয়ী ক্রিকেটার মদনলাল। এই আবহে মামলা করা হয়েছে কর্নাটকের স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।
কর্নাটক সরকার (Karnataka Government) আদালতে জানিয়েছে, সিআইডি-কে এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে। পাশাপাশি গঠন করা হচ্ছে বিশেষ তদন্তকারী দলও। জানা গিয়েছে, আরসিবির সোশ্যাল মিডিয়ায় বুধবার বিকেল ৩টে ১৪ নাগাদ যে পোস্টটি করা হয়েছিল, তাও তদন্তকারীদের নজরে রয়েছে।
ওই পোস্টে বলা হয়েছিল, বিকেল ৫টা থেকে বিজয়মিছিল শুরু হবে। তার পর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে বিজয়োৎসব। এই অনুষ্ঠানের জন্য বিনামূল্যে 'পাস' দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল।
বস্তুত, পুলিশের কথায় কান দেয়নি কর্নাটকের কংগ্রেস সরকার। পুলিশ সরকারকে পরামর্শ দিয়েছিল যে, স্কুল-কলেজ, অফিস-কাছারির দিন বাদ দিয়ে বিজয়োৎসব রবিবার, ছুটির দিন করতে। অভিযোগ, আয়োজকদের চাপে সরকার সেই পরামর্শে আমল দেয়নি।
সূত্রে জানা গিয়েছে, পুলিশের কথা শুনে চললে সম্ভবত এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হত। অন্যদিকে, বৃহস্পতিবার দুপুরে কর্নাটক হাইকোর্টের আনা স্বতঃপ্রণোদিত মামলার শুনানি শুরু হয়ে গিয়েছে। যা শুনছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ভি কামেশ্বর রাও এবং বিচারপতি সিএম জোশির ডিভিশন বেঞ্চ। আদালতে পুলিশ শুরুতেই জানায়, আমরা কোনও দায় চাপানোর কথা বলতে চাই না। যা ঘটেছিল তা আদালতের সামনে তুলে ধরতে চাই।
কর্নাটক সরকার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও বুধবার জানিয়েছিলেন, ১৫ দিনের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে। অন্যদিকে, বেঙ্গালুরুর কবন পার্ক থানার পুলিশও এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল। সেখানকার ডিসিপি সেন্ট্রাল জানিয়েছেন, অভিযুক্ত হিসাবে আরসিবি, কেএসসিএ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম রয়েছে এই মামলায়।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৮ বছরের মধ্যে প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেতাব জয়ের উৎসব পালনের আয়োজন করা হয়েছিল শহরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ওই অনুষ্ঠান দেখার জন্য জনতার ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। যাঁদের বয়স ১৩ থেকে ৩৩ বছরের মধ্যে। আহতও হয়েছেন ৪০ জন। কর্নাটক সরকার ইতিমধ্যেই মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। ক্ষতিপূরণ ঘোষণা করেছে আরসিবিও।