প্রথমে ‘না’ বললেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তারপর সেই সুরেই সুর মেলালেন হরভজন (Harbhajan Singh) থেকে যুবরাজ সিং (Yuvraaj Singh)।

ভারত বনাম পাকিস্তান
শেষ আপডেট: 20 July 2025 10:52
দ্য ওয়াল ব্যুরো: প্রথমে ‘না’ বললেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তারপর সেই সুরেই সুর মেলালেন হরভজন (Harbhajan Singh) থেকে যুবরাজ সিং (Yuvraaj Singh)। যার জেরে বাতিল হয়ে গেল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে (World Championship of Legends) ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan)। নেপথ্যে পহেলগামে (Pahelgam) পাকিস্তানি জঙ্গিদের নাশকতা (Pakistani Terrorist Attack) ও সীমান্ত সংঘর্ষ (Ceasefire)। কোনও রকম রাখঢাক না করেই ধাওয়ান জানিয়ে দেন, তিনি আগের অবস্থানে অনড়। এক্স-হ্যান্ডেলে লেখেন, ‘১১ মে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, আজও তাতে অটল। আমার দেশই আমার সব কিছু। দেশের থেকেও বড় কিছু হয় না। জয় হিন্দ!’
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার চড়চড়ে পারদ। ময়দান যাই হোক না কেন, যারাই খেলুন না কেন, দুই দেশ যুযুধান মানেই হাড্ডাহাড্ডি লড়াই, মারকাটারি দ্বৈরথ। শুভমান বনাম বাবর আজম নয়, ২০ জুলাই (রবিবার) ইংল্যান্ডের বার্মিংহ্যামের এজবাস্টনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস-এ (WCL) ভারত-পাক ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু শিখর ধাওয়ান-সহ একাধিক ভারতীয় ক্রিকেটার পাকিস্তানের বিরুদ্ধে নামতে রাজি না হওয়ায় আয়োজকদের শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে।
ধাওয়ান নিজে গতকাল, শনিবার (১৯ জুলাই), সামাজিক মাধ্যমে নিজের সিদ্ধান্তের জানানোর পাশপাশি একটি চিঠির ছবি শেয়ার করেন। যা ১১ মে আয়োজকদের পাঠিয়েছিলেন। সেখানে লেখা, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং সীমান্তের উত্তেজনার কথা মাথায় রেখে আমি পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আয়োজকরা যেন আমাদের সমস্যার কথা ভেবে বুঝে বিষয়টি সহানুভূতির সঙ্গে গ্রহণ করেন।’
যদিও এই অবস্থান শুধু ধাওয়ানের একার নয়। হারভজন সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান-সহ একাধিক প্রাক্তন ভারতীয় তারকাও পাকিস্তানের বিরুদ্ধে না নামার সিদ্ধান্তে অনড়। ফলে আয়োজকদের কাছে ম্যাচ বাতিল ছাড়া বিকল্প কোনও উপায় ছিল না। এজবাস্টনের পক্ষ থেকে গতকাল (শনিবার) এক্স-এ জানানো হয়েছে, ‘আগামীকালের (২০ জুলাই, রবিবার) ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল। স্টেডিয়াম বন্ধ থাকবে। টিকিট কাটা সকলকে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। বিস্তারিত নিচে দেওয়া হল।’
প্রসঙ্গত, এই মুহূর্তে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ প্রায় এক যুগ বন্ধ। আন্তর্জাতিক মঞ্চেই একমাত্র মুখোমুখি হয় দুই দল, তা-ও আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত প্রতিযোগিতায়। কিন্তু এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL) একটি বেসরকারি টুর্নামেন্ট, যার সঙ্গে ভারতীয় বোর্ডের (বিসিসিআই) কোনও যোগ নেই। ফলে ম্যাচ খেলা-না খেলা সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত খেলোয়াড়রা স্বাধীনভাবেই নিতে পারেন।
ধাওয়ানের এই অবস্থানের আড়ালে রয়েছে পহেলগামের সাম্প্রতিক জঙ্গি হামলা, যেখানে ২৬ জন পর্যটক প্রাণ হারান। এর জেরে সীমান্তে ফের চড়েছে উত্তেজনা। সেই আবহেই প্রাক্তন ভারতীয় তারকাদের একাংশ পাকিস্তানের বিরুদ্ধে না খেলার কথা জানিয়েছেন।
এই পরিস্থিতিতে সবার মনে একটাই প্রশ্ন, টুর্নামেন্টের ফাইনালে যদি দুই দল ওঠে, তখন কী হবে? আয়োজকরা যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।