মৃতের নাম মানিক গুপ্ত (৬৫)। তিনি দীর্ঘদিন ধরে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন আঞ্চলিক ম্যাচে আম্পায়ারিং করেছেন।

ছবি: এআই
শেষ আপডেট: 19 February 2026 17:13
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরে ক্রিকেট ম্যাচ চলাকালীন আচমকা মৌমাছির ঝাঁকের হামলায় মৃত্যু হল এক আম্পায়ারের (Umpire Death)। ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে (Bee swarm kills umpire)।
আন্ডার–১৩ ম্যাচে বিপর্যয়
মৃতের নাম মানিক গুপ্ত (৬৫)। তিনি দীর্ঘদিন ধরে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন আঞ্চলিক ম্যাচে আম্পায়ারিং করেছেন। ঘটনাটি ঘটে একটি স্টেডিয়ামে আন্ডার–১৩ ক্রিকেট ম্যাচ চলাকালীন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, খেলা চলার সময় হঠাৎ করেই মৌমাছির একটি বড় ঝাঁক মাঠে নেমে আসে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
খেলোয়াড়, কোচ ও দর্শকেরা প্রাণ বাঁচাতে দৌড়তে শুরু করেন। এই বিশৃঙ্খলার মধ্যেই গুরুতর জখম হন মানিক। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় পরে একটি উন্নত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন (Umpire Death during cricket match in Kanpur)।
আরও আহত, একজন আম্পায়ার আশঙ্কামুক্ত
এই ঘটনায় আর এক আম্পায়ার জগদীশ শর্মাও আহত হয়েছেন। তবে চিকিৎসকদের দাবি, তিনি এখন আশঙ্কামুক্ত। মৌমাছির হানায় আরও কয়েক জন দর্শক ও সংশ্লিষ্ট ব্যক্তি জখম হন। তাঁদেরও চিকিৎসা চলছে। কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রায় তিন দশক ধরে যুক্ত ছিলেন মানিক গুপ্ত। স্থানীয় ক্রিকেট মহলে তিনি পরিচিত মুখ ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়ামহলে।
আগেও ঘটেছে এমন ঘটনা
ক্রিকেট মাঠে মৌমাছির হামলার (Bee Attack) ঘটনা নতুন নয়। ২০১৯ সালে তিরুবনন্তপুরমে ভারত ‘এ’ ও ইংল্যান্ড লায়ন্সের একদিনের ম্যাচও মৌমাছির আক্রমণে সাময়িক ভাবে বন্ধ রাখতে হয়েছিল। সে বারও বহু মানুষ আক্রান্ত হন। যদিও কোনও প্রাণহানি ঘটেনি।
প্রয়াত আম্পায়ারের মৃত্যুর খবরে শোকস্তব্ধ ক্রীড়ামহল। কেএসিএ-র চেয়ারম্যান সঞ্জয় কাপুর গভীর শোকপ্রকাশ করে জানান, এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তাঁর কথায়, কেএসিএ-র সিনিয়র আম্পায়ার হিসেবে তিনি খেলাধুলোর প্রতি অসামান্য নিষ্ঠা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছিলেন। সঞ্জয় কাপুর আরও বলেন, এই কঠিন সময়ে কেএসিএ পরিবার প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি মানিক গুপ্তর শেষকৃত্য সম্পন্ন হবে।