সবকিছুর মধ্যেই নজর এখন টি–২০ বিশ্বকাপের প্রস্তুতির দিকে। বিসিসিআই ও আইসিসি উভয়ই চায়, এবার আয়োজন হোক নিখুঁত, নিরাপদ ও স্মরণীয়। আর ফাইনালের মঞ্চ হিসেবে আমদাবাদের নাম সবচেয়ে এগিয়ে।
.jpeg.webp)
নরেন্দ্র মোদী স্টেডিয়াম
শেষ আপডেট: 6 November 2025 18:10
দ্য ওয়াল ব্যুরো: আগামী বছর মার্চ–এপ্রিলে শুরু হতে চলেছে ছেলেদের টি–২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। আয়োজক ভারত (India) ও শ্রীলঙ্কা (Sri Lanka)। বিসিসিআই (BCCI) সূত্রে খবর, ইতিমধ্যেই পাঁচটি শহরকে চিহ্নিত করা হয়েছে টুর্নামেন্ট আয়োজনের জন্য। তার মধ্যে ফাইনাল খেলানোয় এগিয়ে আমদাবাদ (Ahmedabad)।
এনডিটিভি (NDTV) সূত্রে খবর, বিসিসিআই টুর্নামেন্টের প্রস্তাবিত সূচি পাঠিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) কাছে। সব ম্যাচ হবে দেশের ‘টিয়ার ওয়ান’ শহরগুলিতে। ফাইনালের জন্য পছন্দ করা হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে (Narendra Modi Stadium)। এই মাঠেই অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত লড়াই, সেই সঙ্গে একাধিক আইপিএল (IPL) ফাইনালও।
বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ শ্রীলঙ্কায় এবার খেলবে পাকিস্তান (Pakistan)। রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তান দল ভারতে না এসে লঙ্কাতেই সব ম্যাচ খেলবে। আইসিসি বর্তমানে শ্রীলঙ্কার একটিমাত্র শহর চূড়ান্ত করার কাজ চালাচ্ছে, যেখানে পাকিস্তানের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে বিশ্বকাপ আয়োজনে ভারতের পক্ষ থেকে পাঁচটি শহরের নাম গোপন রাখা হলেও সম্ভাব্য তালিকায় রয়েছে মুম্বই, কলকাতা, দিল্লি, চেন্নাই ও আমদাবাদ।
এরই মধ্যে বুধবার ভারত-পাকিস্তান বিতর্কিত এশিয়া কাপ (Asia Cup 2025) ম্যাচগুলিকে কেন্দ্র করে আইসিসি শাস্তি ঘোষণা করেছে। সেপ্টেম্বরের ১৪, ২১ ও ২৮ তারিখের তিনটি ভারত–পাকিস্তান ম্যাচে মাঠে ও মাঠের বাইরে নানা ইঙ্গিতপূর্ণ আচরণের অভিযোগ ওঠে দুই দলের খেলোয়াড়দের বিরুদ্ধে।
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ‘পহেলগাম ট্রিবিউট’ মন্তব্যের জন্য ম্যাচ ফি-র ৩০ শতাংশ জরিমানা দিয়েছেন। অন্যদিকে, পাক পেসার হারিস রউফকে (Haris Rauf) একই হারে জরিমানার পাশাপাশি এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তিনি ভারতীয় দর্শকদের উদ্দেশে ‘৬–০’ ইশারা এবং বিমানের দুর্ঘটনা অনুকরণ করে উসকানিমূলক ভঙ্গি ছুড়েছিলেন।
তবে সবকিছুর মধ্যেই নজর এখন টি–২০ বিশ্বকাপের প্রস্তুতির দিকে। বিসিসিআই ও আইসিসি উভয়ই চায়, এবার আয়োজন হোক নিখুঁত, নিরাপদ ও স্মরণীয়। আর ফাইনালের মঞ্চ হিসেবে আমদাবাদের নাম সবচেয়ে এগিয়ে।