দু’বছর বাদে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায়। সময় হাতে আছে, তবে বিসিসিআইয়ের পাখির চোখ সাফ—এবার আর ২০২৩-এর মতো শেষ মুহূর্তের আফসোস করা চলবে না।

বিরাট-রোহিত-শুভমান
শেষ আপডেট: 13 March 2026 13:45
দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপ দু’বার, চ্যাম্পিয়নস ট্রফিও হাতে। তবু অতৃপ্তি—২০১১ সালের পর আর কোনও ওডিআই বিশ্বকাপ ভারতে ঢোকেনি। ২০২৩-এ রোহিত শর্মার দল ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হেরে ফিরেছিল। সেই ক্ষত এখনও টাটকা। তাই ২০২৭ সালের টুর্নামেন্টকে সামনে রেখে এখন থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছে বিসিসিআই।
রোহিত-কোহলিকে কেন্দ্রে রেখে পরিকল্পনা
একদিনের ক্রিকেটে এখনও সক্রিয় দুই তারকা—রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। আসন্ন বিশ্বকাপে তাঁদের উপস্থিতি দলের শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে। কিন্তু তার আগে ম্যাচ প্র্যাকটিস জরুরি। ‘ইন্ডিয়ান এক্সপ্রেসে’র খবর, একাধিক বিদেশি বোর্ড বিসিসিআইকে অতিরিক্ত ওডিআই যোগ করার প্রস্তাব দিয়েছে। ভারতীয় বোর্ডও নাকি সেই প্রস্তাবে রাজিও হয়েছে।
আইপিএল শেষ হলে মে মাসে ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ—একটি টেস্ট ও তিনটি ওডিআই। তারপর ইংল্যান্ড সফরে তিন ওডিআই ও পাঁচখানা টি-২০ ম্যাচ। সেখানে আয়ারল্যান্ডের বিরুদ্ধেও লড়াই হতে পারে। পাশাপাশি শ্রীলঙ্কা বিসিসিআইয়ের কাছে সাদা বলের সিরিজের আবেদন করেছে। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সীমিত ওভারের সিরিজ ইতিমধ্যে নির্ধারিত। অতিরিক্ত ওডিআই ম্যাচের আবেদনও করেছে নিউজিল্যান্ডও।
নেটে ঘাম ঝরাচ্ছেন কোহলি
এতশত বিশ্বকাপের পরিকল্পনার মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কোহলির নেট সেশনের ভিডিও। ইনস্টাগ্রামে নিজেই রিল শেয়ার করলেন—আইপিএল ২০২৬-এর প্রস্তুতিতে একমনে ব্যাটিং করছেন ৩৭ বছর বয়সী তারকা। যা দেখে ভক্তদের উন্মাদনা তুঙ্গে।
উল্লেখ্য, দু’বছর বাদে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায়। সময় হাতে আছে, তবে বিসিসিআইয়ের পাখির চোখ সাফ—এবার আর ২০২৩-এর মতো শেষ মুহূর্তের আফসোস করা চলবে না।