বিসিসিআই, সম্প্রচার সংস্থা, স্পনসর—সবাইকে রাজি করাতে হবে। এখনও কোনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি। বিষয়টি পুরোপুরি প্রাথমিক পর্যায়ে।

ছবি: গুগল
শেষ আপডেট: 18 February 2026 13:12
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-২০ লিগ এবার কি ভারতীয় মাটিতে? বিগ ব্যাশ লিগের (Big Bash League) একটি ম্যাচ আগামী মরসুমে ভারতে আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে এসেছে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম (MA Chidambaram Stadium)।
তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Tamil Nadu Cricket Association) এক শীর্ষকর্তা নিশ্চিত করেছেন, আপাতত প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে বিসিসিআইয়ের (BCCI) অনুমতির উপর।
চেন্নাইয়ে ‘রেকি’, কিন্তু চূড়ান্ত নয়
রিপোর্ট অনুযায়ী, ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘হেড অব বিজনেস অপারেশনস’ ফিল রিগবি (Phil Rigby) এবং ‘হেড অব কম্পিটিশন ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি’ মার্গট হার্লি (Margot Harley) সম্প্রতি ভারতে এসে সম্ভাব্য আয়োজনের খুঁটিনাটি বিচার-বিশ্লেষণের পাশাপাশি চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামও ঘুরে দেখেন তাঁরা। টিএনসিএ সূত্রের মন্তব্য, ‘হ্যাঁ, ক্রিকেট অস্ট্রেলিয়ার দুই প্রতিনিধি এসেছিলেন। প্রতি মরসুমে একটি বিগ ব্যাশ ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে আমরা বিসিসিআইয়ের নির্দেশ ছাড়া কিছুই চূড়ান্ত করতে পারি না।’ অর্থাৎ, চেন্নাই ভেন্যু হিসেবে আলোচনায় থাকলেও একমাত্র বিকল্প নয়। একাধিক স্টেডিয়াম বিবেচনায় রাখা হয়েছে।
বড় বাজারে নজর, বাণিজ্যিক কৌশল
এই পদক্ষেপকে কেবল ক্রীড়া উদ্যোগ হিসেবে দেখলে ভুল হবে। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বাণিজ্যিক কৌশল (Commercial Strategy) আরও শক্ত করতে চাইছে। জানা গিয়েছে, বিগ ব্যাশের আটটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে অন্তত দু’টির অংশীদারি বিক্রির পরিকল্পনা রয়েছে। সেই প্রেক্ষাপটে ভারতের মতো বড় ক্রিকেট বাজারে ম্যাচ আয়োজন করলে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে—এমনটাই ভাবনা।
রিপোর্টে পার্থ স্কর্চার্সকে (Perth Scorchers) সম্ভাব্য দল হিসেবে উল্লেখ করা হয়েছে। টাইম জোনের সুবিধা এবং ওয়াকা কর্তৃপক্ষের (WACA) ভারতীয় বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় আগ্রহ—এই দুই কারণেই তাদের নাম আলোচনার টেবিলে।
বিসিসিআইয়ের ‘সবুজ সংকেত’ জরুরি
এমনিতে বিগ ব্যাশ লিগকে বিশ্বের অন্যতম সেরা টি-২০ প্রতিযোগিতা ধরা হয়। পার্থ স্কর্চার্স (Perth Scorchers) সম্প্রতি ২০২৫-২৬ মরসুমে তাদের ষষ্ঠ শিরোপা জিতেছে। সিডনি সিক্সার্সকে (Sydney Sixers) হারিয়ে আরও একবার নিজেদের সাফল্যের মুকুটে পালক জুড়েছে তারা। তবে প্রতিযোগিতাকে ভারতে আনার গোটা প্রস্তাব বাস্তবায়নের আগে একাধিক পক্ষের অনুমোদন প্রয়োজন। বিসিসিআই (BCCI), সম্প্রচার সংস্থা, স্পনসর—সবাইকে রাজি করাতে হবে। এখনও কোনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি। বিষয়টি পুরোপুরি প্রাথমিক পর্যায়ে।