ফাইনালে ক্যাচ মিস করলে খেসারতটা অনেক বড় হতে পারে। বাংলাদেশ তার মাসুল গুনেছে গতকাল। এবার কি কঠিন পরীক্ষার সামনে পড়বে ভারতও?

বিতর্কের কেন্দ্রে ক্যাচ মিস
শেষ আপডেট: 26 September 2025 14:18
দ্য ওয়াল ব্যুরো: একদম হাতের মুঠোয় এসেও ফাইনাল ধরা দিল না। বৃহস্পতিবার দুবাইয়ে (Dubai) পাকিস্তানকে (Pakistan) প্রায় কোণঠাসা করে ফেলেছিল বাংলাদেশ (Bangladesh)। ১৩৬ রানের টার্গেট তুলতে না পেরে লড়াই হেরে গেল ১১ রানে।
অথচ নুরুল হাসান–মাহেদি হাসান (Nurul Hasan–Mahedi Hasan) যদি ১২তম ওভারে আফ্রিদির (Shaheen Afridi) ক্যাচ না ফেলতেন, ছবিটা অন্য রকম হত। এক রানে জীবন ফিরে পেয়ে তিনি হাঁকালেন দু’খানা ছক্কা, খেললেন ১৩ বলে ১৯।
পরের ভুলটা পারভেজ ইমনের (Parvez Hossain Emon)! খাতা খোলার আগেই জীবন ফিরে পেলেন মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz)। ছক্কা–চার মেরে খেললেন ২৫ রানের ঝড়ো ইনিংস। সব মিলিয়ে পাকিস্তান যোগ করল প্রায় ৪৩ বাড়তি রান! আর সেখানেই ম্যাচ বেরিয়ে গেল বাংলাদেশের হাত থেকে।
কোচ ফিল সিমন্স (Phil Simmons) স্পষ্ট বলেছেন, ‘শাহিন আর নওয়াজকে আউট করতে পারলেই খেলা আমাদের হাতে থাকত। তখনও আমরা নিয়ন্ত্রণে ছিলাম। যে ক্যাচগুলো ফেলেছি, সেগুলো আলো–বাতির কারণে হয়নি। এগুলো আমাদেরই ভুল!’ আর এই একের পর এক ত্রুটির কারণে ইতিহাস গড়ার দরজায় দাঁড়িয়েও পিছলে পড়ল বাংলাদেশ। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে তৈরি হল ভারত–পাকিস্তান মহারণের মঞ্চ!
আর এই সূত্রেই ভারতীয় সমর্থকদের মনে প্রশ্ন জাগছে: যদি শেষ মুহূর্তে সংশোধন না হয়, তাহলে চূড়ান্ত যুদ্ধে একই কারণে দুশ্চিন্তায় ভুগতে পারে ভারতও! সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) টিম চলতি এশিয়া কাপে মোটে পাঁচ ম্যাচে ফেলেছে ডজনখানেক ক্যাচ। ধরার হার মাত্র ৬৭.৫ শতাংশ। হংকং ছাড়া অন্য কোনও দলের এতটা খারাপ রেকর্ড নেই। পাকিস্তান–বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরে এক ওভারে দু’খানা সুযোগ মিস। সাইফ হাসান (Saif Hassan) তখন অর্ধশতরান পেরিয়েছেন। কপালজোরে সে যাত্রা বেঁচে যায় ভারত।
বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) অবশ্য ফ্লাডলাইটের ঘাড়ে সমস্ত দোষ ঠেলে দিয়ে বলেছেন, ‘রিং অফ ফায়ার চোখে পড়ে যায়। সমস্যা হয়। তবে অজুহাত দিয়ে লাভ নেই। এই স্তরের ক্রিকেটে ক্যাচ ধরতেই হবে!’ অন্যদিকে অধিনায়ক সূর্যকুমারের জবাব একটু হালকা মেজাজে। বাংলাদেশের ম্যাচ শেষে মজা করে বললেন, ‘ফিল্ডিং কোচ টি দিলীপ ছেলেদের কাছে ই-মেল করেছে—আঙুলে নাকি মাখন মেখে নামতে হবে ওঁর সামনে!’
তবে হাসিঠাট্টা যাই হোক না কেন, ফাইনালে ক্যাচ মিস করলে খেসারতটা অনেক বড় হতে পারে। বাংলাদেশ তার মাসুল গুনেছে গতকাল। এবার কি কঠিন পরীক্ষার সামনে পড়বে ভারতও?