২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে খেলতে গিয়ে তরুণ এক ক্রিকেটারের মধ্যে অদ্ভুত সম্ভাবনা খুঁজে পান রোহিত শর্মা (Rohit Sharma)।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 14 September 2025 21:11
দ্য ওয়াল ব্যুরো: ২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে খেলতে গিয়ে তরুণ এক ক্রিকেটারের মধ্যে অদ্ভুত সম্ভাবনা খুঁজে পান রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। সেই সময় থেকেই রোহিত ভরসা করেছিলেন, একদিন বড় মঞ্চে আলো ছড়াবেন সূর্য।
চলতি সময়ে সেই ভবিষ্যদ্বাণীই যেন সত্যি প্রমাণিত হল। ১৪ বছর পর আজ সূর্যকুমার কেবলমাত্র ভারতীয় দলের অপরিহার্য সদস্যই নন, দেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কও (Indian Captain)। নিজের ব্যাটিং দক্ষতা আর নতুন প্রজন্মের ক্রিকেট ভাবনা দিয়ে তিনি দাপটের সঙ্গে শাসন করছেন আন্তর্জাতিক ক্রিকেট।

১৪ আগে রোহিতের সেই টুইট
আজ রবিবাসরীয় সন্ধ্যায় যখন ভারত-পাকিস্তান (India Pakistan Asia Cup) মুখোমুখি, তখন চোদ্দ বছর আগে রোহিতের করা একটি টুইট ভাইরাল হয়েছে। যেখানে বলা হয়েছিল, "ঠিক এখনই চেন্নাইয়ে শেষ হল বিসিসিআই পুরস্কার বিতরণী অনুষ্ঠান… বেশ কিছু রোমাঞ্চকর ক্রিকেটার উঠে আসছেন… ভবিষ্যতের জন্য মুম্বইয়ের সূর্যকুমার যাদবের দিকে নজর রাখতেই হবে!"
রোহিতের গণনা নির্ভুল করে দিয়ে ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ বিশ্বের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট, চারপাশে শট খেলার ক্ষমতা এবং ফিনিশিং দক্ষতা ভারতীয় দলকে এনে দিয়েছে একাধিক জয়।
রোহিত শর্মা এক সাক্ষাৎকারে বলেছিলেন—“সূর্য সব সময়ই আলাদা ছিল। ওর মধ্যে ম্যাচ ঘোরানোর ক্ষমতা আমি প্রথম দিন থেকেই দেখেছি। আজ ওকে নেতৃত্ব দিতে দেখে আমার গর্ব হয়।”
পহেলগামে জঙ্গি হামলা আর তার পরের ‘অপারেশন সিঁদুর’-এর পর আজ রবিবার এক মঞ্চে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এশিয়া কাপের এই ম্যাচ ঘিরে কয়েক দিন ধরেই তীব্র আলোড়ন তৈরি হয়েছে। উঠেছে বয়কটের দাবি। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক বা বড় প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে তাদের কোনও আপত্তি নেই। নিয়ম মেনেই তাই দু’দল মাঠে নামে।
তবে প্রশ্ন উঠছে, ভারত-পাকিস্তানের বর্তমান রাজনৈতিক সম্পর্কের টানাপড়েনের মধ্যে এই খেলা আদৌ হওয়া উচিত কি না। এর আগে মাত্র গত মাসেই ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’-এর গ্রুপ পর্ব এবং সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নামতে অস্বীকার করেছিল ভারত। দল তুলে নিয়েছিল। কিন্তু এশিয়া কাপে ছবিটা একেবারেই অন্য। ভারতীয় বোর্ড জানিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ না হলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা আইসিসি-র টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে নামতে তারা প্রস্তুত।
প্রধান কোচ গৌতম গম্ভীরও চেষ্টা করছেন দলের ভেতরের আবহ হালকা রাখতে। খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন, অযথা বিতর্কে না জড়িয়ে পেশাদার ক্রিকেটার হিসেবে শুধুই খেলায় মন দিতে। তবে ক্রিকেটারদের ভেতরে ভেতরে প্রতিবাদের সুরও যে চলছে, তার আভাস পাওয়া যাচ্ছিল ম্যাচের আগেই।
এদিন ভারতীয়রা কালো আর্মব্যান্ড পরেননি ঠিকই, তবে টসের পর পাকিস্তানের অধিনায়ক সলমন আঘার সঙ্গে হাত মেলানো এড়িয়ে যান সূর্যকুমার যাদব। স্পষ্ট বার্তা দিলেন, খেলায় নামলেও প্রতিপক্ষকে সম্মান দেখানো হবে না।