শ্রীলঙ্কা সিরিজ শেষ করে এবার সামনে টি–২০ আই ট্রি–সিরিজ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে। ১৮ নভেম্বর রাওয়ালপিন্ডিতেই পাকিস্তান–জিম্বাবোয়ে ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা।

বাবর আজম
শেষ আপডেট: 18 November 2025 16:11
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানি ব্যাটার বাবর আজমকে (Babar Azam) আইসিসি–র কোড অব কন্ডাক্ট ভাঙায় ম্যাচ ফি–র ১০ শতাংশ জরিমানা গুনতে হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে ১৬ নভেম্বর হওয়া তৃতীয় ও শেষ ওয়ানডেতে তিনি ‘ক্রিকেট সরঞ্জামে আঘাত’ সংক্রান্ত লেভেল–১ অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। আইসিসি–র আর্টিকেল ২.২ অনুযায়ী এই অপরাধের শাস্তি ন্যূনতম সতর্কবার্তা এবং সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ ম্যাচ ফি কাটা হতে পারে।
আর্টিকেল ২.২-তে স্পষ্ট বলা আছে—আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ব্যাট, স্টাম্প, গার্ড, মাঠের ফিক্সচার–ফিটিং বা অন্য ক্রিকেট সামগ্রীতে আঘাত বা অপব্যবহার করলে তা শাস্তিযোগ্য অপরাধ। ওই ম্যাচে বাবর আউট হওয়ার পর ২১তম ওভারে রাগে স্টাম্পে ব্যাট ছুড়ে মারেন। মাঠ ছাড়ার আগে কয়েক সেকেন্ডের সেই আচরণই বাবরের বিরুদ্ধে অভিযোগের অন্যতম ভিত্তি।
ম্যাচ শেষে আইসিসি–র আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের সদস্য আলি নকভির সামনে পাকিস্তানি ব্যাটার নিজের ভুল স্বীকার করেন এবং প্রস্তাবিত শাস্তি মেনে নেন। তাই কোনও আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। প্রসঙ্গত, অভিযোগ তুলেছিলেন অন–ফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ এবং রাশিদ রিয়াজ, থার্ড আম্পায়ার শারফুদ্দৌলা ইবনে শাহিদ এবং ফোর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি।
সম্প্রতি রাওয়ালপিন্ডিতেই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাবর প্রায় দু’বছর পর আন্তর্জাতিক শতরান হাঁকান। ৮৩ ইনিংস ও ৮০৭ দিনের অপেক্ষার পর সেই সেঞ্চুরিতে অপরাজিত ১০২ রান। তিন ম্যাচের সিরিজে মোট ১৬৫ রান করে পাকিস্তানের ৩–০ জয়ের অন্যতম স্তম্ভ হয়ে ওঠেন।
শ্রীলঙ্কা সিরিজ শেষ করে এবার সামনে টি–২০ আই ট্রি–সিরিজ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে। ১৮ নভেম্বর রাওয়ালপিন্ডিতেই পাকিস্তান–জিম্বাবোয়ে ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা। বাবর নিজের ব্যাটিং ফর্ম ধরে রাখতে পারবেন কি না, এখন সেদিকেই নজর।