হায়দরাবাদের ভূমিপুত্র আপাতত বাড়িতে। সিরাজকে সাদরে বরণ করা হয়েছে। বিপুল অভ্যর্থনা পেয়েছেন।

আজহার ও সিরাজ
শেষ আপডেট: 12 August 2025 17:00
দ্য ওয়াল ব্যুরো: পরিসংখ্যান বলছে, ২০২০ সালের ডিসেম্বরে টেস্টে অভিষেকের পর মহম্মদ সিরাজের চাইতে বেশি কোনও বোলার বল করেননি। সাকুল্যে ৬ হাজার ৪১৯ বল। ৪১ টেস্টের বিপুল ওয়ার্কলোড। তবুও ক্লান্ত নন, ক্ষান্ত নন মহম্মদ সিরাজ। কেন? ফিটনেস ধরে রেখেছেন কীভাবে?
চিকিৎসক-ফিজিওরা একগুচ্ছ নিদান দিতে পারেন। যদিও সেসব ধর্তব্যে আনতে নারাজ মহম্মদ আজহারউদ্দিন। তাঁর সাফ দাবি: আসল রহস্য লুকিয়ে নাল্লি গোস্ত বিরিয়ানি আর পায়ায়। এই দুই মোগলাই ডিশই, প্রাক্তন ভারতীয় অধিনায়কের মতে, সিরাজের শরীর শক্তপোক্ত করে তুলেছে। বিশেষ করে তাঁর দুই পা হয়েছে আরও সুঠাম।
ইংল্যান্ড সফরে যখন জসপ্রীত বুমরাহকে টিম ইন্ডিয়ার ত্রাতা বলে মনে করা হচ্ছিল, তখন সবাইকে ছাপিয়ে শিরোনামে, চর্চায় মহম্মদ সিরাজ। সিরিজে সর্বাধিক উইকেট দখল করা একটা কারণ। কিন্তু যেভাবে দলের একমাত্র বোলার হিসেবে পাঁচ টেস্টে মাঠে নেমেছেন, পরিশ্রম করে চলেছেন অবিরত, তাতে তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
হায়দরাবাদের ভূমিপুত্র আপাতত বাড়িতে। সিরাজকে সাদরে বরণ করা হয়েছে। বিপুল অভ্যর্থনা পেয়েছেন। তাঁর পারফরম্যান্সকে কুর্নিশ জানিয়ে আজহার বলেন, ‘সিরাজ দুরন্ত খেলেছে। আর এর জন্য নাল্লি গোস্ত বিরিয়ানি আর পায়াকে ধন্যবাদ। এরফলেই ওর মজবুত শরীর, বিশেষ করে শক্তপোক্ত পা তৈরি হয়েছে। মাঠে প্রচুর উদ্যম আর শক্তি দেখিয়েছে। সিরিজজুড়ে সিরাজের মধ্যে সাফল্যের খিদে আর দেশের হয়ে পারফর্ম করার উন্মাদনা দেখা গিয়েছে।’
আজহার বিশেষ করে ওভালের পঞ্চম দিনে সিরাজের ম্যাচ-জেতানো স্পেলকে সামনে টেনেছেন। বলেছেন, ‘ওভালের ওই বোলিং ছিল অনবদ্য। বুমরাহর অনুপস্থিতিতে দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। ইংল্যান্ড ব্যাটারদের ও বারবার বেকায়দায় ফেলছিল। ভারতীয় খেলার মানচিত্রে সিরাজ নতুন তারকা!’