প্যাট কামিন্স এবং তাঁর দলকে কেন অনুশীলনের অনুমতি দেওয়া হল না, তার সঠিক কারণ অবশ্য জানা যায়নি। তবে সেই একই ভেন্যুতে কিন্তু অনুশীলন করছে টিম ইন্ডিয়া।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স
শেষ আপডেট: 9 June 2025 18:19
দ্য ওয়াল ব্যুরো: ১১ জুন থেকে শুরু হবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (ICC World Test Championship Final)। লর্ডসের সেই ফাইনালের দুই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া (South Africa vs Australia)। কিন্তু তার আগে অনুশীলন নিয়ে রীতিমতো সমস্যায় পড়েছে প্যাট কামিন্স (Pat Cummins) ব্রিগেড।
জানা গিয়েছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord's Cricket Ground) অনুশীলন করার জন্য অনুমতি দেওয়া হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, অস্ট্রেলিয়াকে বলা হয়েছিল, ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ডব্লিউটিসি ফাইনালের জন্য লর্ডসের প্রশিক্ষণ গ্রাউন্ডটি উপলব্ধ নেই।
প্যাট কামিন্স এবং তাঁর দলকে কেন অনুশীলনের অনুমতি দেওয়া হল না, তার সঠিক কারণ অবশ্য জানা যায়নি। তবে সেই একই ভেন্যুতে কিন্তু অনুশীলন করছে টিম ইন্ডিয়া।
ভারত পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে পৌঁছেছে গত শনিবার। এরপর তারা অনুশীলনও শুরু করে দিয়েছে। বিসিসিআই একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা প্রধান কোচ গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে লর্ডসে অনুশীলন করছেন (Team India Practice in Lord’s)।
এদিকে, ফক্স ক্রিকেটের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, অস্ট্রেলিয়াকে প্রাথমিক ভাবে যেখানে অনুশীলনের কথা বলা হয়েছিল, সেখানে এখন প্র্যাকটিশ করছে ভারত। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ১১ জুন থেকে শুরু হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কিন্তু ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট লিডসে শুরু হবে ২০ জুন। লর্ডসে রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ। যে ম্যাচটি শুরু হবে ১০ জুলাই থেকে।