সব মিলিয়ে, সিরিজ শুরুর মুখে একদিকে তারকা হারানোর চিন্তা, অন্যদিকে ফর্মে থাকা এক বিকল্পের আগমন—দুই মিলেমিশে বেশ আলোচনায় অস্ট্রেলিয়া শিবির।

অস্ট্রেলিয়া টিম
শেষ আপডেট: 17 October 2025 10:39
দ্য ওয়াল ব্যুরো: সিরিজ শুরুর আর মাত্র দুই দিন বাকি। তার মধ্যেই বড় ধাক্কা অস্ট্রেলিয়া (Australia) শিবিরে। চোটে ছিটকে গেলেন দলের অন্যতম তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন (Cameron Green)। তাঁর জায়গায় দলে ঢুকলেন মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)।
গ্রিনের আঘাত যদিও গুরুতর নয়। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia) কোনও ঝুঁকি নিতে রাজি নয়। বিবৃতিতে জানানো হয়েছে, ‘ক্যামেরন গ্রিনের সাইড স্ট্রেনে সমস্যা ধরা পড়েছে। ওকে এখনই বিশ্রাম দেওয়া হচ্ছে। স্বল্প রিহ্যাবের পর শেফিল্ড শিল্ডের (Sheffield Shield) তৃতীয় রাউন্ডে মাঠে নামার সম্ভাবনা রয়েছে।’ অর্থাৎ, গ্রিনকে সম্পূর্ণ ছুটি দেওয়া হচ্ছে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে (India vs Australia ODI Series 2025)। লক্ষ্য একটাই—ছ’সপ্তাহ পর শুরু হতে চলা অ্যাশেজের (Ashes 2025–26) আগে তাঁকে মাঠে নামানো।
অন্যদিকে, গোড়ায় বাদ পড়েও ফিরে আসছেন মার্নাস লাবুশেন। সাম্প্রতিক ফর্মই তাঁকে আবার দলে টেনে এনেছে। গত পাঁচ ইনিংসে চারটি শতরান—দুটো এসেছে ৫০ ওভারের ক্রিকেটে। দেশীয় প্রতিযোগিতায় এমন পারফরম্যান্সের পর নির্বাচকদেরও আর উপায় ছিল না। লাবুশেন এখন শেফিল্ড শিল্ডের চলতি রাউন্ড শেষ করেই অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াডে যোগ দেবেন। রবিবার পার্থে (Perth) শুরু প্রথম ম্যাচ।
সব মিলিয়ে, সিরিজ শুরুর মুখে একদিকে তারকা হারানোর চিন্তা, অন্যদিকে ফর্মে থাকা এক বিকল্পের আগমন—দুই মিলেমিশে বেশ আলোচনায় অস্ট্রেলিয়া শিবির। প্রশ্ন একটাই—গ্রিন আর কামিন্সের (Pat Cummins) অনুপস্থিতিতে ভারসাম্য ধরে রাখতে পারবে তো মার্শের টিম?