বৃষ্টি হোক বা না হোক, রোহিত আর বিরাট নিজেদের প্রস্তুতিতে মজে। বৃহস্পতিবার পার্থে নেট সেশনে তাঁরা নেমেছিলেন চেনা মেজাজে। প্রথম কয়েক মিনিটে খানিক জড়তা থাকলেও পরে দুই তারকাই নিজেদের ছন্দ ফিরে পান।

পার্থ স্টেডিয়াম
শেষ আপডেট: 18 October 2025 11:28
দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মা (Rohit Sharma) আর বিরাট কোহলি (Virat Kohli)—সাত মাসের বিরতি শেষে ফের ভারতের (India) নীল জার্সিতে দেখা যাবে এই দুই মহাতারকাকে। রোববার পার্থের (Perth) অপটাস স্টেডিয়ামে (Optus Stadium) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে শুরু হচ্ছে তিন ম্যাচের ওডিআই সিরিজ (India vs Australia ODI Series 2025)। কিন্তু প্রশ্ন একটাই—আকাশ কি আদৌ লড়াইয়ের অনুমতি দেবে?
আবহাওয়ার পূর্বাভাসে জোর দুশ্চিন্তা
হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার পার্থে ম্যাচের দিন বৃষ্টি মাঝেসাঝেই বিপত্তি বাঁধাতে পারে। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ খেলা শুরু হওয়ার কথা। কিন্তু তার আগেই ঝিরঝিরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে (প্রায় ৬৩ শতাংশ)। ম্যাচ চলাকালীনও ঝরতে পারে অন্তত ৩৫ শতাংশ বর্ষণ। ফলে থেকে থেকেই লড়াইয়ে ছন্দপতন, যা শুধু দর্শকের ধৈর্য নয়, দুই দলে কৌশলগত ভাবনাকেও নাড়িয়ে দিতে পারে।
টসের গুরুত্ব দ্বিগুণ
এই পরিস্থিতিতে টসের গুরুত্ব বেড়ে গিয়েছে অনেকটা। মেঘলা আবহাওয়ায় পার্থের উইকেট মানেই সিমারদের স্বর্গরাজ্য! নতুন বলে সুইং আর বাউন্স দুই-ই মিলবে পর্যাপ্ত। ফলে অধিনায়করা চাইবেন আগে বোলিং নিয়ে আবহাওয়া ও পিচের সুবিধা তুলতে। ব্যাটারদের জন্য প্রথম দিকটা কঠিন হবে বলেই মনে করা হচ্ছে।
উইকেট রিপোর্ট: পেসারদের স্বর্গ
অপটাস স্টেডিয়াম এখনও পর্যন্ত মাত্র তিনটি ওয়ানডে আয়োজন করেছে। তার মধ্যে দু’বার জিতেছে পরে ব্যাট করা দল। গড় প্রথম ইনিংসে উঠেছে মাত্র ১৮৩। আর সর্বোচ্চ রান তাড়া করে জেতা স্কোর ১৫৩। যার অর্থ স্পষ্ট—এই উইকেটে ব্যাট করা সহজ নয়। শুরুতে মিলবে গতি আর বাউন্স, যা ব্যাটারদের ধৈর্য আর টেকনিক দু’য়েরই পরীক্ষা নেবে।
রোহিত–বিরাটের প্রস্তুতি কেমন?
বৃষ্টি হোক বা না হোক, রোহিত আর বিরাট নিজেদের প্রস্তুতিতে মজে। বৃহস্পতিবার পার্থে নেট সেশনে তাঁরা নেমেছিলেন চেনা মেজাজে। প্রথম কয়েক মিনিটে খানিক জড়তা থাকলেও পরে দুই তারকাই নিজেদের ছন্দ ফিরে পান। কোহলি প্র্যাকটিস করেন প্রায় আধঘণ্টা, রোহিত প্রায় চল্লিশ মিনিট। বলের বাউন্স বুঝে খেলেছেন দুই তারকা। দলের অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel) প্র্যাকটিস শেষে সাংবাদিকদের বলেন, ‘রোহিত আর বিরাট ফোকাসড। নেটে ওদের দেখে বোঝাই যায়, ফর্মে ফিরতে বেশি সময় লাগবে না!’