তিনটি আঘাত। ০ প্রতিক্রিয়া। এশিয়া কাপ চ্যাম্পিয়ন। বার্তা পৌঁছে গেল। দল এবং সহায়তা কর্মীদের জন্য ২১ কোটি টাকা পুরষ্কার।
.png.webp)
এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
শেষ আপডেট: 29 September 2025 10:23
দ্য ওয়াল ব্যুরো: ফের পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত (Asia Cup Champion Team India)। ফাইনালে ভারতকে অবশ্য বেশ চাপেই রেখেছিল পাকিস্তান। ভারত জিতেছে দুই বল বাকি থাকতে পাঁচ উইকেটে। টিম ইন্ডিয়ার এই তরুণ প্রজন্ম দেখিয়ে দিয়েছে চাপের মুখ থেকে কী ভাবে ম্যাচ বের করে নিতে হয়। অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদবরা ফাইনালে রান পাননি ঠিকই, কিন্তু দুরন্ত ইনিংস খেলে ভারতকে জয় এনে দিয়েছেন তিলক বর্মা। প্রথমে সঞ্জু স্যামসন ও পরে শিবম দুবেকে সঙ্গে নিয়ে তিলক টিম ইন্ডিয়াকে পৌঁছে দেন জয়ের সরণিতে। ফাইনালের সেরাও হয়েছেন তিনি।
ফাইনালে ব্যর্থ হলেও গোটা টুর্নামেন্ট জুড়ে দুরন্ত ব্যাট করেছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। ৩১৪ রান করে তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন এই পাঞ্জাব পুত্তর। এদিকে, ফাইনালে চারটি-সহ এবারের এশিয়া কাপে ১৭টি উইকেট নিয়ে কুলদীপ যাদব হয়েছেন টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার।
পূর্ব অনুমান মতো চ্যাম্পিয়ন হওয়ার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পিসিবির প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফিও নেয়নি টিম ইন্ডিয়া। তবে বিসিসিআই ঘোষণা করেছে, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় ক্রিকেট দল এবং সাপোর্ট স্টাফরা এশিয়া কাপে তাদের অপরাজিত পারফরম্যান্সের জন্য ২১ কোটি টাকা পুরস্কার পাবে (BCCI announced Prize Money)।
বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া পিটিআইকে বলেছেন, "এটি (একটি) অসাধারণ জয় ছিল এবং তাই উদযাপনের অংশ হিসাবে, বিসিসিআই এশিয়া কাপে ভারতীয় দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের জন্য ২১ কোটি টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে।"
বিসিসিআই তাদের সোশ্যাল মিডিয়াতেও একটি পোস্ট করেছে, যা নিয়ে তুমুল আলোড়ন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পোস্টে লেখা রয়েছে, "তিনটি আঘাত। ০ প্রতিক্রিয়া। এশিয়া কাপ চ্যাম্পিয়ন। বার্তা পৌঁছে গেল। দল এবং সহায়তা কর্মীদের জন্য ২১ কোটি টাকা পুরষ্কার।"