অশ্বিন ক্রিকবাজকে বলেন, “আমি ILT20 নিলামের জন্য আমার নাম পাঠিয়েছি। আশা করি আমি একজন ক্রেতা খুঁজে পাব।”

রবিচন্দ্রন অশ্বিন
শেষ আপডেট: 1 September 2025 18:21
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টির (ILT20) নিলামে নিজের নাম নথিভুক্ত করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন (R Aswin)। টুর্নামেন্টটি ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাশাহিতে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের নিলাম (Auction) অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর দুবাইয়ে।
অশ্বিন ২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটের সকল ফরম্যাট থেকে অবসর নিলেও গত মরশুমে আইপিএল খেলেছেন। এরপর ২৭ আগস্ট আইপিএল থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন। অশ্বিন ক্রিকবাজকে বলেন, “আমি ILT20 নিলামের জন্য আমার নাম পাঠিয়েছি। আশা করি আমি একজন ক্রেতা খুঁজে পাব।” এবার লিগে খেলোয়াড় নির্বাচনের জন্য ড্রাফটের পরিবর্তে নিলাম পদ্ধতি গ্রহণ করা হয়েছে।
অশ্বিন যদি নিলামে বিক্রিত হন, তাহলে তিনি হবেন এই লিগে খেলা সবচেয়ে বড় ভারতীয় ক্রিকেটার। এর আগে রবিন উথাপ্পা, ইউসুফ পাঠান এবং আম্বাতি রায়ডু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তবে তাঁরা কেউই অশ্বিনের মাপের ক্রিকেটার ছিলেন না। এই লিগের ৫টি ফ্র্যাঞ্চাইজি ভারতীয় মালিকদের মালিকানাধীন।
আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে মোট ৬টি দল খেলে। দলগুলি হল এমআই এমিরেটস, গাল্ফ জায়ান্টস, আবু ধাবি নাইট রাইডার্স, শারজা ওয়ারিয়ার্স, দুবাই ক্যাপিটালস ও ডেসার্ট ভাইপারস। এই লিগের বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস।
এদিকে, সূত্র মারফত জানা গিয়েছে, অশ্বিন এখন আন্তর্জাতিক লিগে খেলোয়াড় ও কোচের দ্বৈত ভূমিকা পালন করতে চান। আগামী বছর তাঁকে আমেরিকার মেজর লিগ ক্রিকেট এবং ইংল্যান্ডের দ্য হান্ড্রেডেও দেখা যেতে পারে।
আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে ইতিমধ্যেই অনেক তারকা ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন। যাঁদের মধ্যে রয়েছে আন্দ্রে রাসেল, অ্যালেক্স হেলস, জেসন হোল্ডার, লিয়াম লিভিংস্টোন, সুনীল নারিন, শিমরন হেটমায়ার, মঈন আলি, টিম ডেভিড এবং আদিল রশিদের মতো নাম।