তিনি দক্ষ খেলুড়ে, নিবিড় পড়ুয়া। যেভাবে একাগ্রমনে ব্যাটিং করেন, সেভাবে সংযম দেখিয়ে বইয়ের পাতা ওল্টান।

বিরাট কোহলি
শেষ আপডেট: 17 June 2025 13:45
দ্য ওয়াল ব্যুরো: তিনি দক্ষ খেলুড়ে, নিবিড় পড়ুয়া। যেভাবে একাগ্রমনে ব্যাটিং করেন, সেভাবে সংযম দেখিয়ে বইয়ের পাতা ওল্টান।
বিরাট কোহলি কেরিয়ারে উত্থান দেখেছেন, পতনেরও মুখোমুখি হয়েছেন। কিন্তু কখনও নিজের রাস্তা থেকে সরে যাননি। যুদ্ধের ময়দান ছাড়েননি। আর এই ধৈর্যের পথে তাঁকে অনুপ্রেরণা জুগিইয়েছে বই। বিভিন্ন সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে মন্তব্য করেছেন বিরাট। উঠে এসেছে বিভিন্ন রস ও গোত্রের বইয়ের কথা। কোনওটা ধর্মগুরুর সুভাষণ। কোনওটা মন হাল্কা করা গল্প।
এমনই বাছাই তিনটি বইয়ের সন্ধান নীচে লেখা রইল:
১. দ্য অটোবায়োগ্রাফি অফ আ যোগী:
লেখক যোগী পরমহংস যোগানন্দ। প্রকাশিত হয় ১৯৪৬ সালে। ধরনে আত্মজীবনী। কিন্তু জীবনের কথা বলার ফাঁকে যোগানন্দ ক্রিয়াযোগ নিয়ে আলোচনা করেছেন। জীবনের একটা পর্বে আমেরিকায় বাস। ধর্মগুরু হিসেবে নাম ছড়িয়ে পড়ে। সেই জীবনের নির্যাস এই আত্মকথন। যারা নতুন চিন্তা ও দর্শনের সংঘাত পছন্দ করেন, তাঁদের জন্য অবশ্যপাঠ্য। একাধিক ইন্টারভিউয়ে এই মন্তব্য করেছেন বিরাট কোহলি।

২. ডিটক্স ইয়োর ইগো:
প্রথম বই ছিল আত্মজীবনী। দ্বিতীয়টা আত্ম-উন্মোচন নিয়ে। ‘অহং’ কীভাবে একজন সফল মানুষের চিন্তায় বলয়ের মতো ঘুরপাক খায়, তার কারণ খুঁজে দেখেছেন গ্রন্থলেখক স্টিভেন সিলভেস্টার। সাফল্যে কীভাবে পথের কাঁটা হয়ে দাঁড়ায় ইগো (অহং), কোন উপায়ে তাকে দূর করা যায় তার সাত দফা উপায় বাতেলেছেন লেখক। কেরিয়ারে উত্তুঙ্গ স্বীকৃতি ও সম্মান পেয়েও মাটিতে পা রেখে চলেন কীভাবে?—প্রশ্নের জবাবে এই বইয়ের প্রসঙ্গ তুলেছেন বিরাট। জানিয়েছেন শুধু বিনম্র হওয়াই নয়, জীবনে আনন্দ ও স্বাধীনতা পেতেও যে অহং-কে দূর করা জরুরি তার শিক্ষা দিয়েছে এই গ্রন্থ। পাশপাশি সফল নেতৃত্বদানের উপায় নিয়েও ছকভাঙা মতামত রেখেছেন স্টিভেন সিলভেস্টার।

৩. দেয়ার ইজ সামথিং ইন দ্য এয়ার:
এই বইয়ের লেখক লোরেঞ্জো অ্যাঞ্জেলনি। বিষয়: ইতালি ও ভারতীয় সংস্কৃতির আদানপ্রদান ও নৈকট্য। দুই দেশের ৭০ জন নাগরিকের সাফল্য, প্রতিযোগিতা, মানসিক মুক্তি নিয়ে কথালাপ। যা কোহলিকে অনবরত অনুপ্রাণিত করেছে।
