তাঁরা কখন অবসর নিলেন? রোহিত শর্মা এবং বিরাট কোহলি দু’জনেই এখনও ওয়ানডে খেলবেন। তাহলে এখন অবসরের কথা কেন?

রোহিত শর্মা ও বিরাট কোহলি
শেষ আপডেট: 23 August 2025 13:51
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে এখন অন্যতম আলোচনার বিষয় হল, ওডিআই ক্রিকেটে বিরাট কোহলির ও রোহিত শর্মার (Virat kohli, Rohit Sharma) ভবিষ্যৎ। দুই তারকার ঘনিষ্ঠ মহলের বক্তব্য, বিরাট ও কোহলি ২০২৭ ওডিআই বিশ্বকাপ খেলেই একদিনের ক্রিকেট থেকে অবসর (ODI Retirement) নিতে চান। তবে গুঞ্জন উঠেছিল, বোর্ডের মাথায় সেরকম কোনও পরিকল্পনা নেই। বিরাট হয়তো থাকতে পারেন, কিন্তু রোহিতকে নাকি চাইছেন না টিম ইন্ডিয়া হেডকোচ গৌতম গম্ভীর ও নির্বাচক কমিটি।
অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি (BCCI Vice-President) রাজীব শুক্লা রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে নীরবতা ভাঙলেন। রাজীব এই দুই অভিজ্ঞ খেলোয়াড়ের অবসরের জল্পনা উড়িয়ে দিয়ে বলেছেন, তাঁরা দু’জনেই এখনও ওয়ানডে খেলছেন।
আসলে, টি-টোয়েন্টি আন্তর্জাতিক এবং টেস্ট ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর, রোহিত এবং কোহলির ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে অনেক জল্পনা চলছে। এমনও খবর রয়েছে যে, অক্টোবরে অস্ট্রেলিয়া সফরের পরে, এই দুই ব্যাটার ওয়ানডে ফরম্যাট সম্পর্কেও বড় সিদ্ধান্ত নিতে পারেন।
এদিকে আসন্ন অস্ট্রেলিয়া সফরকে মাথায় রেখে রোহিত এবং কোহলি প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন। কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, রোহিত এবং কোহলির ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে বিসিসিআই তাড়াহুড়ো করছে না। এই প্রসঙ্গে একটি অনুষ্ঠান চলাকালীন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রোহিত-কোহলি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেতাঁদেরও কি শচিন তেন্ডুলকরের মতো বিদায় জানানো হবে? এই বিষয়ে রাজীব শুক্লা উল্টে প্রশ্ন তুলে বলেন, ওয়ানডেতে খেলা সত্ত্বেও মানুষ কেন এই দু’জনকে নিয়ে চিন্তিত?
শুক্লা বলেন, “তাঁরা কখন অবসর নিলেন? রোহিত শর্মা এবং বিরাট কোহলি দু’জনেই এখনও ওয়ানডে খেলবেন।তাহলে এখন অবসরের কথা কেন? আপনারা ইতিমধ্যেই কেন চিন্তিত?” শুক্লা আরও বলেন, বিসিসিআই কখনও কোনও খেলোয়াড়কে অবসর নিতে বলে না এবং এই সিদ্ধান্ত ক্রিকেটারই নিতে হবে। তিনি বলেন, “আমাদের নীতি খুবই স্পষ্ট, বিসিসিআই কোনও খেলোয়াড়কে অবসর নিতে বলে না। নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে।”
সেই সঙ্গে শুক্লা বলেন, কোহলি এখনও অন্যতম ফিট খেলোয়াড় এবং রোহিত এখনও একজন দুর্দান্ত ওয়ানডে খেলোয়াড়। বিসিসিআই সহ-সভাপতি এই দুই তারকার ফ্যানদের অনুরোধ করেছেন, এখনই বিদায়ের কথা তাঁরা যেন না ভাবেন। শুক্লা বলেন, “যখন সেই মুহূর্তটি আসবে, তখন আমরা আপনাদের বলব, কীভাবে এটি কাটিয়ে উঠতে হবে। আপনারা ইতিমধ্যেই বিদায়ের কথা বলছেন। কোহলি একেবারে ফিট, তিনি এগিয়ে যাচ্ছেন। রোহিত শর্মা খুব ভাল খেলছেন, আর আপনারা ইতিমধ্যেই বিদায়ের বিষয়ে চিন্তিত।”