আইপিএল ফাইনালের আগে এই দল ঘোষণা এবং তারপর আরসিবির হাতে পরাজয়। এখন টি২০ লিগের ফাইনালে উঠেও হেরে যাওয়া। সব মিলিয়ে জুন মাস শ্রেয়সের কাছে বিষণ্ণতার মাস হয়ে উঠছে!

শ্রেয়স আইয়ার
শেষ আপডেট: 13 June 2025 14:50
দ্য ওয়াল ব্যুরো: আগে ছুঁলেই সোনা। এখন নামলেই পরাজয়। শ্রেয়স আইয়ারের হলটা কী?
এই প্রশ্ন দিনদশেক আগে আইপিএল ফাইনালে (IPL Final) আমদাবাদের (Ahmedabad) মাঠে ঘুরপাক খাচ্ছিল। এবার তা আরও গমগম মেজাজে শোনা গেল ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium)। টি২০ মুম্বই লিগে (T20 Mumbai League) ফাইনালে উঠেও তাঁর দল মুম্বই ফ্যালকনকে জেতাতে ব্যর্থ হলেন শ্রেয়স। কয়েক দিন আগে আইপিএল ফাইনালে টেনে তোলেন পাঞ্জাব কিংসকে। অধিনায়ক হিসেবে। কিন্তু ম্যাচের রাশ নিজেদের নিয়ন্ত্রণে পেয়েও খালি হাতে ফেরে পাঞ্জাব বাহিনী। দশ দিন বাদে মুম্বইয়ের ঘরোয়া লিগেও ছবিটা বদলাল না!
তাঁর জাতীয় দলের সতীর্থদের অনেকে এই মুহূর্তে ইংল্যান্ডে। ২০ জুন থেকে শুরু হতে চলেছে টেস্ট সিরিজ। জল্পনা শুরু হয়, রোহিত শর্মার আকস্মিক অবসর ও বিরাট কোহলির অপ্রত্যাশিত বিদায় ঘোষণার পর হয়তো বছর তিরিশের শ্রেয়সের হাতেই উঠতে চলেছে নেতৃত্বের দায়িত্ব।
কিন্তু অধিনায়কত্ব তো দূর অস্ত। দলেই জায়গা পাননি শ্রেয়স। আইপিএল ফাইনালের আগে এই দল ঘোষণা এবং তারপর আরসিবির হাতে পরাজয়। এখন টি২০ লিগের ফাইনালে উঠেও হেরে যাওয়া। সব মিলিয়ে জুন মাস শ্রেয়সের কাছে বিষণ্ণতার মাস হয়ে উঠছে!
অথচ এর আগে পাঁচবার ফাইনালে উঠে প্রতিবার ট্রফি জিতে ময়দান ছেড়েছেন দক্ষিণী ক্রিকেটার। রঞ্জিতে মুম্বই দলের অধিনায়ক দলকে খেতাব জেতান। ইরানি কাপেও একই ছবি। আগের বছর কলকাতা নাইট রাইডার্সের হাতে আইপিএল খেতাব তুলে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেন। তারপর মুম্বই টিমকে মুস্তাক আলি ট্রফি—অধিনায়ক শ্রেয়সের ফাইনাল-ভাগ্য বরাবর পয়মন্ত।
কিন্তু ছবিটা মলিন হয় সদ্যসমাপ্ত আইপিএলে। হার মানেন রজত পাটিদারের আরসিবির কাছে। গতকাল নেমেছিলেন টি২০ মুম্বই লিগে। দল মুম্বই ফ্যালকনস (Mumbai Falcons)। প্রতিপক্ষ মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস (Mumbai South Central Maratha Royals)। ফাইনাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কিন্তু এবারও ব্যর্থ শ্রেয়স। ব্যাট হাতেও রান পাননি। ঠিক আইপিএল ফাইনালের মতো।
ম্যাচ হেরে শ্রেয়স বলেন, ‘কোনও একটি বিশেষ মুহূর্তকে দেগে দিতে চাই না। সব মিলিয়ে দলের প্রতিটি খেলোয়াড় ভাল খেলেছে। ফাইনালের আগে একটিমাত্র ম্যাচে হেরেছিলাম। এখন ফাইনালে পরাজিত হওয়ার পর নির্দিষ্ট কোনও খেলোয়াড়ের খামতি চিহ্নিত করতে চাই না—সেটা বিশ্বাসভঙ্গের কাজ হবে। আমি সেটা মোটেও উপভোগ করব না।‘