ইতিমধ্যে ফাফ ডু প্লেসি আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। রাসেলও একই পথ অনুসরণ করলেন। তবে ভক্তদের জন্য সুখবর—বিশ্বের অন্য টি–২০ লিগে তাঁকে ব্যাট–বল হাতে দেখা যাবে নিয়মিত।

আন্দ্রে রাসেল
শেষ আপডেট: 5 December 2025 11:35
দ্য ওয়াল ব্যুরো: অতিসম্প্রতি আইপিএলে (IPL) দীর্ঘ ১২ বছরের যাত্রার ইতি টেনেছেন আন্দ্রে রাসেল (Andre Russell)। কেকেআর (KKR) তাঁকে রিলিজ করার পরই অবসরের ঘোষণা। তবে ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে সরে দাঁড়ালেও অন্য টি–২০ লিগগুলো আগের মতোই খেলবেন। এখন কেকেআরের ‘পাওয়ার কোচ’ হিসেবে নতুন দায়িত্ব শুরু করছেন তিনি। এবার এক সাক্ষাৎকারে ক্যারিবিয়ান ক্রিকেটার জানালেন—ঠিক কেন আইপিএল থেকেই বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি!
রাসেলের সাফ কথা—আইপিএলের ধকল সামলানো আর সম্ভব হচ্ছিল না। তাঁর কথায়, ‘এই লিগে এত ম্যাচ আর এত ঘুরে বেড়ানো… একজন অলরাউন্ডারের পক্ষে পুরো মরসুম ধরে শরীর ফিট রাখা খুব কঠিন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব কিছুতেই নিজেকে সেরা রাখতে হলে রিকভারি, জিম, প্র্যাকটিস—সামলাতে হয়। বেশি করলে শরীর ভেঙে পড়ে, কম করলে পারফরম্যান্সে ঘাটতি! আইপিএল এত বড় লিগ, যে এখানে খেললে সবসময় নিজের সেরা পারফরম্যান্সটাই দিতে হয়।’
অনেকে ভেবেছিলেন, আগামী আইপিএলে দল বদলে রাসেল হয়তো অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে স্রেফ ব্যাটার হিসেবে খেলতে নামবেন। কিন্তু সেই সম্ভাবনা নাকচ করে তিনি জানান, ব্যাট–বল দুই দিকই তাঁর সামগ্রিক ক্রিকেটের অঙ্গ—একটাকে বাদ দিয়ে নিজেকে সম্পূর্ণ ভাবতেই পারেন না। রাসেলের কথায়, ‘আমার ব্যাটিং আমার বোলিংকে পরিপূর্ণ করে। আর বোলিং করে ব্যাটিংকে। অন্তত দু’ওভার বল না করলে মনটাই বসে না। যদি কেরিয়ারের শুরু থেকেই শুধু ব্যাটার হতাম, তাহলে হয়তো ভেবে দেখতাম। কিন্তু এখন শুধু ব্যাটিং করে ছক্কা হাঁকানো—এটা আমার কাছে ঠিক মনে হয় না।’
আইপিএলে রাসেলের পরিসংখ্যান চমকপ্রদ। ১৪০ ম্যাচে ২৬৫১ রান—স্ট্রাইক রেট ১৭৪.১৮। সঙ্গে ১২টি হাফসেঞ্চুরি। বল হাতে ১২৩ উইকেট—ইকোনমি ৯.৫১, একবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও রয়েছে! ম্যাচ জেতানো ভূমিকায় তাঁকে বারবার ভরসা করেছে কেকেআর।
ইতিমধ্যে ফাফ ডু প্লেসি আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। রাসেলও একই পথ অনুসরণ করলেন। তবে ভক্তদের জন্য সুখবর—বিশ্বের অন্য টি–২০ লিগে তাঁকে ব্যাট–বল হাতে দেখা যাবে নিয়মিত। আইপিএলের ধকল এড়িয়ে নিজের শক্তি ও ফর্ম বাঁচিয়ে রাখতে চান তিনি। নতুন ভূমিকায় কেকেআরের সঙ্গে যুক্ত থাকাও তাঁর কাছে বিশেষ অনুভূতির—সেখানে তিনি কাটিয়েছেন কেরিয়ারের সেরা সময়।