আইসিসির বক্তব্য অনুযায়ী, কোনও বৈশ্বিক টুর্নামেন্টে ‘নির্বাচিত ম্যাচ’ খেলার ধারণা আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল দর্শনের সঙ্গে খাপ খায় না। তারা আরও সতর্ক করেছে—এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব পাকিস্তানের ক্রিকেট ভবিষ্যতের জন্য গুরুতর হতে পারে।

পাকিস্তান টিম
শেষ আপডেট: 3 February 2026 12:47
দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিরুদ্ধে না খেলার সরকারি নির্দেশ, তবু বিশ্বকাপে অংশগ্রহণ—দুটোকে একসঙ্গে সামলাতে গিয়েই নতুন বিতর্কে জড়িয়েছে পাকিস্তান। আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলতে পাক বাহিনী ইতিমধ্যে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছে। এতকিছুর পরেও ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচ বয়কট করার অবস্থান ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট মহলে বাড়ছে অস্বস্তি।
সরকারি নির্দেশে না খেলার সিদ্ধান্ত
পাকিস্তান সরকার (Pakistan Government) তাদের ক্রিকেট দলকে টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়ার ছাড়পত্র দিলেও স্পষ্ট নির্দেশ—ভারতের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামা যাবে না। সেই সিদ্ধান্তের পরই সলমন আগারা শ্রীলঙ্কার (Sri Lanka) উদ্দেশে পাড়ি দিয়েছে। ডিসেম্বর ২০২৪-এ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (International Cricket Council) এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (Board of Control for Cricket in India) সঙ্গে সমঝোতার ভিত্তিতে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। সেই সূচি মেনেই খেলতে যাচ্ছে দল। বিমানবন্দরে ফখর জামান (Fakhar Zaman), শাহিন আফ্রিদি (Shaheen Afridi), সলমন আগা (Salman Agha)–সহ একাধিক ক্রিকেটারের জার্নির ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
পাকিস্তান না এলে ওয়াকওভার?
এই অবস্থায় ভারতীয় দলের (India Cricket Team) নির্ধারিত সূচি মেনে শ্রীলঙ্কায় মাঠে নামার কথা। অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) টসের জন্য উপস্থিত থাকবেন বলেই ধরে নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে যদি পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগা (Salman Ali Agha) টসের সময় মাঠে না আসেন, তাহলে ম্যাচ রেফারি ভারতের পক্ষে ওয়াকওভার ঘোষণা করবেন। সেক্ষেত্রে টিম ইন্ডিয়া এক বলও না খেলেপাবে পূর্ণ দুই পয়েন্ট!
আইসিসির কড়া বার্তা, শাস্তির ইঙ্গিত
পাকিস্তানের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (International Cricket Council)। আইসিসি জানিয়েছে, তারা এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক লিখিত ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে। আইসিসির বক্তব্য অনুযায়ী, কোনও বৈশ্বিক টুর্নামেন্টে ‘নির্বাচিত ম্যাচ’ খেলার ধারণা আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল দর্শনের সঙ্গে খাপ খায় না। তারা আরও সতর্ক করেছে—এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব পাকিস্তানের ক্রিকেট ভবিষ্যতের জন্য গুরুতর হতে পারে। এর মধ্যেই পাকিস্তান তাদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু করবে ৪ ফেব্রুয়ারি, কলম্বোয়, (Colombo) আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে একটি ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে।