’যেভাবে খুব তাড়াতাড়ি টিনের ছাদ গরম হয়ে ওঠে, সেরকমই তুমি খুব দ্রুত মেজাজ হারিয়ে ফেল।”

আম্বাতি রায়ডু ও মহেন্দ্র সিং ধোনি
শেষ আপডেট: 12 August 2025 17:26
দ্য ওয়াল ব্যুরো: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) বিশেষ পরিচিতি রয়েছে তাঁর হীমশীতল মস্তিষ্কের জন্য। প্রবল চাপের মুখেও ধোনির মাথা গরম হতে দেখা যায়নি। বরং বরফ ঠান্ডা মাথা (Staying Cool) ব্যবহার করে মাহি বহু ম্যাচে প্রতিকূল পরিস্থিতি থেকে ভারতকে উদ্ধার করে জয়ের সরণিতে এনে দিয়েছেন। যে জন্য গোটা ক্রিকেট-বিশ্বে তিনি ক্যাপ্টেন কুল নামে পরিচিত।
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ভারতের ঘরে অনেক সাফল্য এসেছে। এসেছে দু’টি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি। তাঁর আমলে ওডিআই ও টি-টোয়েন্টি ক্রমতালিকায় শীর্ষেও উঠেছিল ভারত। চেন্নাই সুপার কিংসকেও প্রচুর সাফল্যা দিয়েছেন তিনি। আইপিএল শুরু থেকেই তিনি সিএসকে পরিবারের সদস্য। মাঝে দু’বছর ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে সাসপেন্ড ছিল চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি। সেই দুই বছর বাদে ধোনির পুরো আইপিএল কেরিয়ারই কেটেছে হলুদ জার্সিতে।
ধোনির সঙ্গে বহুদিন চেন্নাই শিবিরে কাটিয়েছেন আম্বাতি রায়ডু (Ambati Rayudu)। ভারতের এই প্রাক্তন ব্যাটার এবার ধোনি সম্পর্কে একটি ঘটনা সামনে এনেছেন। রায়ডু বলেছেন, পরিস্থিতির চাপে তিনি অনেক সময়ই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারতেন না। আর ধোনি নজর কখনওই তিনি এড়াতে পারতেন না। ধোনি এই প্রসঙ্গে রায়ডুকে বলেছিলেন, “’যেভাবে খুব তাড়াতাড়ি টিনের ছাদ গরম হয়ে ওঠে, সেরকমই তুমি খুব দ্রুত মেজাজ হারিয়ে ফেল।”
রায়ডু বলেছেন, ধোনি বরাবরই সতীর্থদের সাবধান করে দিয়ে বলতেন, আম্পায়রদের সঙ্গে অযথা বিতর্কে জড়াতে যেও না। রায়ডু এই প্রসঙ্গে বলেছেন, “আমরা আম্পায়রকে বোঝানোর চেষ্টা করতাম বলটি নো বা ওয়াইড ছিল। ধোনি আমাদের সবসময় বলতেন, আঙুল না তুলে নিজের ব্যাটিংয়ের প্রতি মন দাও। আমি তোমার জন্য ফেয়ার প্লে পয়েন্ট নষ্ট করতে চাই না।”