২০২৩ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের স্মৃতি এখনও তাজা। সেই ক্ষত নিরাময়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আইপিএলের ময়দান থেকে।

অজিত আগরকর
শেষ আপডেট: 20 March 2026 16:42
দ্য ওয়াল ব্যুরো: খবর বেরিয়েছিল, অজিত আগরকর (Ajit Agarkar) নাকি বিসিসিআইয়ের কাছে ২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত মুখ্য নির্বাচকের পদে থাকার আবেদন করেছেন। এবার সেই গুঞ্জন সরাসরি উড়িয়ে দিল বিসিসিআই। পিটিআইকে বোর্ডের এক সিনিয়র কর্তা বললেন, ‘আগরকরকে আলাদা করে মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে না। সংবিধান অনুযায়ী সিনিয়র নির্বাচক চার বছর পর্যন্ত থাকতে পারেন!’
তাহলে পরিস্থিতি কী দাঁড়াল?
বিষয়টা একটু খুলে বলা দরকার। আগরকর ২০২৩ সালে মুখ্য নির্বাচক হিসেবে যোগ দিয়েছেন। তাঁর চুক্তি শেষ হচ্ছে আগামী সেপ্টেম্বরে। তখন বিসিসিআই সচিব ও আগরকর মিলে সিদ্ধান্ত নেবেন—২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত চালানো সম্ভব কিনা। এই অধিকার বোর্ডের সংবিধানে লেখা আছে—আলাদা কোনও ‘মেয়াদবৃদ্ধির আবেদন’ করার দরকার নেই। অর্থাৎ, যা খবর বেরিয়েছিল সেটা পুরোপুরি ঠিক নয়। প্রক্রিয়া স্বাভাবিক পথেই চলছে।
আইপিএলে নজর, বিশ্বকাপের ছক
এই আলোচনার মধ্যে পিটিআইয়ের বড় খবর—২০২৭ বিশ্বকাপের জন্য ২০ জনের একটা সম্ভাব্য তালিকা ইতিমধ্যে তৈরি করে ফেলেছে বোর্ড। আইপিএলকেই সেই তালিকার ‘পরীক্ষাগার’ হিসেবে ব্যবহার করবেন নির্বাচকরা। আগরকরের প্যানেলে এখন শিবসুন্দর দাস, আরপি সিং, অজয় রাত্রা ও প্রজ্ঞান ওঝা। তাঁরা প্রত্যেকে নিজেদের শহর থেকে ম্যাচ দেখবেন—আগরকর মুম্বইয়ে, শিবসুন্দর কলকাতায়, আরপি ও রাত্রা দিল্লিতে, ওঝা বেঙ্গালুরু ও হায়দরাবাদে। প্রতি সপ্তাহে কমপক্ষে একটি ম্যাচে সশরীরে উপস্থিতি, বাকিগুলি টেলিভিশনে।
এটা পরিষ্কার, যে নির্বাচকরা নতুন কাউকে খুঁজছেন না—চেনা মুখদেরই যাচাই করবেন। পেস বিভাগে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) ও অর্শদীপ সিং (Arshdeep Singh) এবং অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) রাডারে। হর্ষিত রানার হাঁটুর চোট সারতে সময় লাগবে, তাই তিনি এই মুহূর্তে হিসেবের বাইরে।
উল্লেখ্য, ২০২৭ বিশ্বকাপ (ODI World Cup 2027) আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায়—অক্টোবর-নভেম্বরে। ২০২৩ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের স্মৃতি এখনও তাজা। সেই ক্ষত নিরাময়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আইপিএলের ময়দান থেকে।