দিনের শেষে আফ্রিদিদের বোলিং কচুকাটা করে সমর্থকদের সাবাশি কুড়োলেও অভিষেক পেলেন নিজেকে আরও নির্ভুল করার শিক্ষা। এবার দেখার, সেহওয়াগের টোটকা কতটা কাজে লাগে বাংলাদেশের বিরুদ্ধে, যেখানে ২৪ সেপ্টেম্বর মাঠে নামবে সূর্যকুমার যাদবের দল।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 22 September 2025 13:56
দ্য ওয়াল ব্যুরো: কাল দুবাইয়ের মাঠে পাকিস্তানকে কার্যত একাহাতে ধুয়ে দিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। এশিয়া কাপ (Asia Cup 2025) সুপার ফোরের লড়াইয়ে খেললেন ছ’টা চার আর পাঁচটা ছক্কায় সাজানো ৩৯ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস। শুভমান গিলের সঙ্গে শতরানের ওপেনিং জুটি। যা টিম ইন্ডিয়ার হাতে তুলে দিল সহজ জয়।
কিন্তু এহেন পারফরম্যান্সেও পুরোপুরি তুষ্ট নন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag)। তাঁর মতে, অনভিজ্ঞ ব্যাটারের নিজেকে ধারালো করার, আরও উন্নতি করার ভরপুর সুযোগ রয়েছে। কীভাবে নিজেকে শানিত ও ভয়ঙ্কর করে তুলতে পারেবন তরুণ ওপেনার?--ম্যাচ-শেষে তারই টোটকা বাতলে দিলেন ‘নজফগড়ের নবাব’।
অভিষেককে বিশেষ বার্তা দেওয়ার ভিডিও ক্লিপ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল। যেখানে সেহওয়াগ খোলাখুলি বলেন, ‘অভিনন্দন। কিন্তু এরপরেও মনে রাখবে, সত্তর-আশির ঘরে পৌঁছলে সেঞ্চুরি যেন হাতছাড়া না হয়। শতরান (Hundred) বানাতে হবে। একদিন সুনীল গাভাসকর (Sunil Gavaskar) আমাকেও এই পরামর্শ দিয়েছিলেন। অবসরের পর বারবার মনে হবে—যদি ওই সত্তর-আশিগুলো শতরান বানাতাম, কত শতক হত! সুযোগ বারবার আসে না। তাই যেদিন দিনটা তোমারই, তখন আউট না হয়ে ম্যাচ শেষ করা উচিত!’ প্রসঙ্গত, অভিষেক শর্মা ইতিমধ্যেই আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দু’টি শতরান করেছেন। তবে সেহওয়াগের মতে, ধারাবাহিকভাবে বড় ইনিংস গড়াই তাঁর পরের ধাপ হওয়া উচিত।
আলোচনায় কথাপ্রসঙ্গে মজার টুইস্টও আসে। সঞ্চালক গৌরব কপুর ঠাট্টার সুরে বলেন—‘এই উপদেশ দেওয়া আসলে গুরু যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) কর্তব্য!’ বাধ্য ছাত্রের মতো হাসতে হাসতে তা মেনে নেন অভিষেক। যোগ করেন, ‘একশো শতাংশ ঠিক। যুবি পা সবসময় বলেন—একটা ছক্কা মারার পর অন্যজনকেও সুযোগ দাও! সেটাই প্র্যাকটিস করছি!’
দিনের শেষে আফ্রিদিদের বোলিং কচুকাটা করে সমর্থকদের সাবাশি কুড়োলেও অভিষেক পেলেন নিজেকে আরও নির্ভুল করার শিক্ষা। এবার দেখার, সেহওয়াগের টোটকা কতটা কাজে লাগে বাংলাদেশের বিরুদ্ধে, যেখানে ২৪ সেপ্টেম্বর মাঠে নামবে সূর্যকুমার যাদবের দল।