অভিষেক টি-টোয়েন্টি আন্তর্জাতিকে লক্ষ্য তাড়া করার সময় প্রথম বলেই ছক্কা মারা প্রথম ভারতীয় ব্যাটার।

অভিষেক শর্মা
শেষ আপডেট: 11 September 2025 14:59
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়া এশিয়া কাপে (Asia Cup 2025) অভিযান শুরু করেছে সংযুক্ত আরব আমিরশাহিকে হেলায় উড়িয়ে দিয়ে। বুধবারভারত টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা এশিয়া কাপে সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি ভারতীয় দলকে জয়ের জন্য ৫৮ রানের লক্ষ্য দিয়েছিল। অভিষেক শর্মা (Abhishek Sharma) শুভমান গিল এবং সূর্যকুমার যাদবের ঝড়ো ব্যাটিংয়ের জোরে গৌতম গম্ভীরের ছাত্ররা মাত্র ৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৬০ রান করে এবং ৯ উইকেটে ম্যাচটি জিতে নেয়।
এই ম্যাচে ভারতের ওপেনার অভিষেক শর্মা ইতিহাস তৈরি করেছেন। তিনি ভারতের ইনিংসের প্রথম বলেই ছক্কা মারার অসাধারণ কীর্তি গড়েন। অভিষেক টি-টোয়েন্টি আন্তর্জাতিকে লক্ষ্য তাড়া করার সময় প্রথম বলেই ছক্কা মারা প্রথম ভারতীয় ব্যাটার। তাঁর আগে কোনও ভারতীয় এই নজির গড়তে পারেননি।
পাশাপাশি ৫০০+ টি-টোয়েন্টি রান করা ব্যাটারদের মধ্যে অভিষেক শর্মার স্ট্রাইক রেট সর্বোচ্চ। এখন পর্যন্ত, অভিষেক ১৬ ইনিংসে মোট ৫৩৫ রান করেছেন ১৯৩.৮৪ স্ট্রাইক রেটে। এর মধ্যে রয়েছে দু’টি সেঞ্চুরি এবং দু’টি হাফ-সেঞ্চুরি।
প্রসঙ্গত, অভিষেক শর্মা টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম বলে ছক্কা মারা চতুর্থ ভারতীয়। তাঁর আগে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন এই কৃতিত্ব দেখিয়েছেন। কিন্তু লক্ষ্য তাড়া করার সময় ইনিংসের প্রথম বলে কোনও ভারতীয় ব্যাটার এর আগে ছক্কা মারেননি।
6 & 4 off the first two balls by a Sharma - we've seen that before 😌🔥
Watch #DPWORLDASIACUP2025 - LIVE on #SonyLIV & #SonySportsNetwork TV Channels 📺#AsiaCup #INDvUAE pic.twitter.com/NdyGejW9zk— Sony LIV (@SonyLIV) September 10, 2025
২০২৪ সালের জুলাই মাসে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া এই বাঁহাতি ব্যাটার ক্রিকেটের এই ফরম্যাটে একজন ভারতীয় হিসাবে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডও নিজের দখলে রেখেছেন। এই বছরের শুরুতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৫ রান করে তিনি তাঁর সতীর্থ শুভমান গিলের (১২৬*) আগের রেকর্ড ভেঙে ফেলেন।
এছাড়াও, অভিষেক শর্মা ১৫ ইনিংসের পর টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতের হয়ে ওপেনার হিসাবে সর্বাধিক ছক্কা হাঁকানো ব্যাটার হয়েছেন।
ওপেনার হিসাবে ১৫ ইনিংসের পর ভারতের হয়ে সর্বাধিক টি-টোয়েন্টি ছক্কা
অভিষেক শর্মা ৪৩
সঞ্জু স্যামসন ৩৩
কেএল রাহুল ৩১
যশস্বী জয়সওয়াল ২৮
ঈশান কিশান ২০
রুতুরাজ গায়কোয়াড ১৮