শূন্যের হ্যাটট্রিক ভেঙে বিস্ফোরণ নাকি আরও অপেক্ষা? আজকের ম্যাচে অভিষেক শর্মার ব্যাটই লিখতে পারে চলতি বিশ্বকাপে সবচেয়ে বড় কামব্যাকের স্ক্রিপ্ট।

অভিষেক শর্মা
শেষ আপডেট: 22 February 2026 13:02
দ্য ওয়াল ব্যুরো: টানা তিন ম্যাচে শূন্য। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) মঞ্চে এখনও খাতা খোলেননি অভিষেক শর্মা (Abhishek Sharma)। তবু ভারতীয় শিবিরে আতঙ্ক নেই। বরং, আজ সুপার এইটে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ম্যাচের আগে তাঁকে ঘিরে আলোচনায় টিমের অন্দরে আত্মবিশ্বাসের সুর। ইতোমধ্যে ব্যাটিং স্টান্সে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন অভিষেক। অন্যদিকে অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) স্পষ্ট জানিয়ে দিয়েছেন—দল পুরোপুরিভাবে ছন্দহীন ওপেনারের পাশে।
স্টান্সে বদল, মানসিকতায় ফোকাস
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) শুক্রবারের অনুশীলনে কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে লম্বা আলোচনা করেন অভিষেক। পরে নেটে দেখা যায়, তিনি নিজের ব্যাটিং স্টান্স নিয়ে কাজ করছেন। সাধারণ সাইড-অন ভঙ্গির বদলে খানিক ওপেন-চেস্টেড ভঙ্গি নেওয়ার চেষ্টা। সামনের পা একটু সরিয়ে জায়গা বানাচ্ছেন লেগ-সাইড শটের জন্য। প্রাক্তন জাতীয় নির্বাচক দেবাং গান্ধীর (Devang Gandhi) মতে, ওপেন-চেস্টেড স্টান্সে লেগ-সাইডে শট খেলা সহজ হয়। তবে অভিষেকের সমস্যা কেবল টেকনিক্যাল নয়, মানসিকও। কয়েকটা বল ধীরেসুস্থে খেলে ছন্দে ফিরতে পারেন—এমনটাই ধারণা বিশ্লেষকদের।
সূর্যের আস্থা, দলে জায়গা পাকা?
অভিষেককে বসানো হবে কিনা, তা নিয়ে জল্পনা চলছিল। সঞ্জু স্যামসন (Sanju Samson) নেটে দীর্ঘ সময় ব্যাট করেছেন। কিন্তু সূর্যকুমার যাদবের হালকা চালে হলেও স্পষ্ট বার্তা—‘যারা অভিষেকের ফর্ম নিয়ে চিন্তা করছে, আমি তাদের নিয়ে চিন্তা করছি। ও যখন রান পাবে, সবাই জানে কী হতে পারে।’অধিনায়কের আরও বক্তব্য, গত বছর অভিষেক দলকে ম্যাচ জিতিয়েছেন। এখন গোটা টিম স্বভাবিকভাবে তাঁর পাশে থাকবে। এই মন্তব্যে বোঝা যাচ্ছে, প্রথম একাদশে বড়সড় রদবদলের সম্ভাবনা কম।
শাস্ত্রীর চমকপ্রদ ব্যাখ্যা
অন্যদিকে প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) বিষয়টিকে দেখছেন ভিন্ন দৃষ্টিতে। তাঁর মতে, তিনটি শূন্য আসলে ‘ইতিবাচক’। ‘আইসিসি রিভিউ’-তে তিনি বলেন, ‘হয়তো ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য সেরাটা তুলে রাখছে। এতে প্রতিপক্ষও একটু চিন্তায় থাকবে।’শাস্ত্রীর মতে, ভারতীয় দল ভারসাম্যপূর্ণ। কুলদীপ যাদব (Kuldeep Yadav), অর্শদীপ সিংহ (Arshdeep Singh), অক্ষর প্যাটেল (Axar Patel), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)—বিকল্প মজুত। বড় পরিবর্তনের সম্ভাবনা কম।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা—২০২৪ ফাইনালের পুনরাবৃত্তি। একদিকে আত্মবিশ্বাসী ভারত, অন্যদিকে প্রতিশোধের প্রহর গুনছে প্রোটিয়ারা। শূন্যের হ্যাটট্রিক ভেঙে বিস্ফোরণ নাকি আরও অপেক্ষা? আজকের ম্যাচে অভিষেক শর্মার ব্যাটই লিখতে পারে চলতি বিশ্বকাপে সবচেয়ে বড় কামব্যাকের স্ক্রিপ্ট।