পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি, কাবুল ও নানগারহার প্রদেশে ‘নিখুঁত বিমান হামলা’ চালানো হয়েছে। লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি।

রশিদ খান
শেষ আপডেট: 17 March 2026 11:11
দ্য ওয়াল ব্যুরো: রমজানের ২৮তম রাত। কাবুলের একটি হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা তখন গাঢ় ঘুমে। সেই রাতেই আচমকা পাকিস্তানের বিমান হামলা। যার জেরে মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হল ২ হাজার শয্যার আস্ত হাসপাতাল। আফগানিস্তানের ডেপুটি সরকারি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, কমপক্ষে ৪০০ জন নিহত, আহত আড়াইশোরও বেশি। সরকারি মতে, ২০২১ সালে কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার পর এটাই আফগানিস্তানের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী হামলা।
ফুঁসে উঠেছেন আফগান ক্রিকেটাররা
ঘটনার মর্মান্তিকতায় হতভম্ব আফগান ক্রিকেট মহল। লেগস্পিনার রশিদ খান (Rashid Khan) এক্সে লিখলেন, ‘কাবুলে পাকিস্তানি বিমান হামলায় সাধারণ মানুষের মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান বা চিকিৎসা পরিকাঠামো লক্ষ্য করা—ইচ্ছাকৃত হোক বা ভুলে—যুদ্ধাপরাধ। পবিত্র রমজান মাসে মানুষদের নিশানা করে এই নির্লজ্জ অবজ্ঞা বিভেদ ও ঘৃণাকেই উসকে দেবে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোকে আমি নৃশংস ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আর্জি জানাচ্ছি!’
প্রাক্তন আফগান অধিনায়ক মহম্মদ নবীও (Mohammad Nabi) রশিদের সুরে সুর মেলালেন। তাঁর বক্তব্য, ‘আজ রাতে কাবুলে একটি হাসপাতালে আশা নিভে গেল। চিকিৎসাধীন তরুণদের পাক সামরিক বাহিনী হত্যা করল। মায়েরা গেটের বাইরে দাঁড়িয়ে ছেলেদের নাম ধরে ডাকছিলেন। রমজানের ২৮তম রাতে তাদের জীবন থেমে গেল!’
I am deeply saddened by the latest reports of civilian casualties as a result of Pakistani airstrikes in Kabul. Targeting civilian homes, educational facilities or medical infrastructure, either intentional or by mistake, is a war crime. The sheer disregard for human lives,… pic.twitter.com/DbFRRh2qAJ
— Rashid Khan (@rashidkhan_19) March 16, 2026
ইজরায়েলের সঙ্গে তুলনা নবীনের
আফগানিস্তানের পেসার নবীন-উল-হক (Naveen-ul-Haq), যিনি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন, ফেসবুকে লিখলেন—‘ইজরায়েল ও পাকিস্তানি শাসনের মধ্যে কোনও পার্থক্য খুঁজে পাওয়া কঠিন!’ তাঁর ভেরিফায়েড পেজে চার লক্ষেরও বেশি ফলোয়ার। ইরানে ইজরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে এই তুলনায় প্রতিবাদ আরও শানিত হয়ে উঠেছে।
পাকিস্তান কী বলছে?
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি, কাবুল ও নানগারহার প্রদেশে ‘নিখুঁত বিমান হামলা’ চালানো হয়েছে। লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি। তাঁর বক্তব্য, আফগান তালেবান শাসন যে সন্ত্রাসী সংগঠনগুলোকে মদত দিচ্ছে, তাদের শিবির ধ্বংস করাই টার্গেট ছিল। আর সেটাই সফলভাবে করা হয়েছে। যদিও হাসপাতালে হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ইসলামাবাদ।
উল্লেখ্য, আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই হামলাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে নিন্দা করেছেন। তদন্তের দাবি উঠছে আন্তর্জাতিক মহল থেকেও। ক্রিকেটের মাঠে যাঁরা প্রতিপক্ষ, তাঁরা আজ জোরালো কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছেন।