যে কোন নায়িকার থেকে বেশি সুন্দরী ছিলেন তুলিকা। আজও তাঁর মোহময়ী রূপে মুগ্ধ হয় দর্শক।

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 11 June 2025 19:44
দ্য ওয়াল ব্যুরো: পর্দার মা মানেই তুলিকা বসু। ছোট পর্দা থেকে বড় পর্দায় চুটিয়ে মায়ের রোল করে চলেছেন তুলিকা। কেরিয়ারের শুরুর দিকে দিদি বা বৌদির রোল করলেও কিছুদিনের মধ্যেই মায়ের চরিত্রেই বেশি অফার পেতে থাকেন তিনি। এখন মায়ের রোলে তাঁর চাহিদা তুঙ্গে। শোনা যাচ্ছে, তুলিকা নাকি বেশ উঁচু দরের পারিশ্রমিক নেন আজকাল। সেই নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে বিরূপ মন্তব্যও কম হয় না। কিন্তু এসব মন্তব্যের জবাবে কী বলছেন তুলিকা বসু স্বয়ং?
ভগবান এই অভিনেত্রীকে অঢেল রূপ দিলেও নায়িকার রোল পাবার সুযোগ দেননি। যে কোন নায়িকার থেকে বেশি সুন্দরী ছিলেন তুলিকা। আজও তাঁর মোহময়ী রূপে মুগ্ধ হয় দর্শক।

তিনি নায়িকার চরিত্র নয়ের দশকে সে ভাবে পাননি। তাই মায়ের চরিত্রেই চুটিয়ে কাজ করে চলেছেন অভিনেত্রী। মায়ের চরিত্র করে যদি কোন অভিনেত্রী ইন্ডাস্ট্রির প্রায় হায়েস্ট পেড নায়িকা হতে পারেন সে তো গর্বের। সত্যি তুলিকা সুপার মম। তবে একাধিক লোক বলে থাকেন, রূপ আর বেশি পারিশ্রমিকের অহংকারে নাকি তুলিকার মাটিতে পা পড়েনা।

টেলিভিশন থেকে বড় পর্দা, নানারকম ভূমিকায় অভিনয় করে দর্শকের মন ছুঁয়েছেন অভিনেত্রী তুলিকা বসু। চলতি বছরেও মুক্তি পেয়েছে তাঁর একাধিক সিনেমা। রাজা চন্দর 'চন্দ্রবিন্দু' ছবিতে ভূত মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তুলিকা। এই মুহূর্তে মেগা সিরিয়াল থেকে খানিক দুরেই রয়েছেন অভিনেত্রী।
এখনও পর্যন্ত অনেকক্ষেত্রেই তাকে শুনতে হয়েছে তিনি নাকি ‘বড্ড এক্সপেনসিভ।’ অভিনেত্রী তুলিকা বসু নিজেই জানালেন,‘টানা ২৯ বছর ধরে যিনি কাজ করেছেন ইন্ডাস্ট্রিতে, তাঁর কাছে এটা তো একটা সাম্মানিক। এ কথা ভুলে যান অনেকেই। আমাদের ক্ষেত্রে বলতে শোনা যায় বাজেট কম। যদিও এই কথাটায় আমি বিশ্বাসী নই। আমার যা প্রাপ্য, আমি তাই চাই।’