প্রীতির শরীরী ভাষা, তাঁর ডিম্পলড হাসি মাতিয়ে দিয়েছিল ভারতীয় সিনেমাপ্রেমী দর্শকদের।

দিল সে
শেষ আপডেট: 9 June 2025 17:23
দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের দুই জনপ্রিয় নায়িকা ছিলেন রানি মুখোপাধ্যায় ও প্রীতি জিন্টা। দুই সমসাময়িক নায়িকার বিরোধ খুব একটা ছিল না। একই সঙ্গে অভিনয়ে করে তাঁরা বহু ছবি সুপারহিট দিয়েছেন। দু'জনের 'পিয়া পিয়া' গান তো আজও মেগা হিট। তবে কেরিয়ারের শুরুতেই বড় ব্রেক মণি রত্নমের ছবিতে প্রীতি পেয়েছিলেন, রানির দৌলতেই। রানি সেই রোল ছেড়ে দেওয়াতে সুযোগ পান প্রীতি।
এক বাণিজ্যিক বিজ্ঞাপন করতে গিয়ে শেখর কপূরের নজরে পড়ে যান প্রীতি। তবে সত্যিকারের ব্রেকটা আসে পরিচালক মণিরত্নমের হাত ধরে। ‘দিল সে’ ছবিতে প্রীতি অভিনয় করেছিলেন শাহরুখ-মনীষার সঙ্গে। স্বল্পদৈর্ঘ্যের চরিত্রে অভিনয় করলেও প্রীতির শরীরী ভাষা, তাঁর ডিম্পলড হাসি মাতিয়ে দিয়েছিল ভারতীয় সিনেমাপ্রেমী দর্শকদের। সিমলার প্রীতিকে এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি।

১৯৯৮ সালে মণি রত্নমের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দিল সে..’। শাহরুখ খান, মনীষা কৈরালা এবং প্রীতি জ়িন্টা অভিনীত ছবিটি দর্শকের কাছে প্রশংসা কুড়োয়। তবে এই ছবিতে প্রীতি নায়ারের চরিত্রের জন্য পরিচালক প্রযোজকদের প্রথম পছন্দ ছিলেন না প্রীতি।

প্রীতির চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে বলি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেই চরিত্রে অভিনয় করতে চাননি তিনি।

চরিত্রটি ছোট হওয়াতে ফিরিয়ে দিয়েছিলেন রানি। কিন্তু লতা মঙ্গেশকরের গাওয়া 'জিয়া জ্বলে জান জ্বলে' গানে শাহরুখ খানের পৌরুষের সঙ্গে প্রীতির শরীরী আবেদন যে ভাবে আকর্ষণ বাড়িয়ে তুলেছিল, সেই সময়কার রানি অমন নাচ কতটা পারতেন সন্দেহ!
তবে শাহরুখের বিপরীতে থাকতে না পেরে, লতাজির গানে লিপ দিতে না পেরে রানি মুখোপাধ্যায় কখনও আফসোস করেননি।