
শেষ আপডেট: 8 December 2023 12:35
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বছরের শেষ ত্রৈমাসিকের রেপো রেট ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। তিনি এদিন জানান, রেপো রেট অপরিবর্তিতই থাকছে। ফলে বাড়ি-গাড়িতে সুদের হার বাড়ার সম্ভাবনা নেই। বছর শেষে সুখবর দিল আরবিআই।
আগামী ৬ ডিসেম্বর থেকে মুদ্রানীতি কমিটির বৈঠক শুরু হয়েছিল। শুক্রবার সেই বৈঠক শেষে আরবিআই-এর গভর্নর বলেন, রেপো রেট অপরিবর্তিত রাখা হচ্ছে। এই নিয়ে টানা ৫ বার রেপো রেটে কোনও পরিবর্তন করা হল না। রেপো রেট ৬.৫ শতাংশই থাকছে। পাশাপাশি স্থায়ী আমানতকারীদের সুদের হার পরিবর্তন করা হচ্ছে না।
করোনা পর্বের পর ২০২২ সালে বিপুল মুদ্রাস্ফীতি মোকাবিলা করতে কয়েক দফায় রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল আরবিআই। প্রায় এক বছরের মধ্যে ২৫০ বেসিস পয়েন্ট বেড়েছিল। কিন্তু ২০২৩-২৪ অর্থবর্ষে নতুন করে রেপো রেট বাড়ানো হয়নি। তবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের পুর্বাভাসে রেপো রেট কমার ইঙ্গিত মিলেছিল। শেষ পর্যন্ত তা হল না।
রিজার্ভ ব্যাঙ্ক যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে টাকা ধার দেয় তাকে রেপো রেট বলা হয়। অর্থাৎ রেপো রেট বাড়ালে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে বেশি হার সুদ গুণতে হয়। ফলে অনিবার্যভাবেই বাড়ি, গাড়ি, ব্যক্তিগত ঋণে সুদের হার বাড়িয়ে দেয় বাণিজ্যিক ব্যাঙ্কগুলি। এ ক্ষেত্রে সেই সম্ভাবনা থাকছে না।
রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও দেশের আর্থিক গতি বৃদ্ধির সম্ভাবনা স্পষ্ট করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গভর্নর শক্তিকান্ত দাস বলেন, 'বিশ্বের অন্য একাধিক দেশের তুলনায় ভারতীয় অর্থনীতি ভালো স্তরে রয়েছে। আমাদের নজর থাকবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার দিকে।'