তদন্তকারীরা অভিযোগ করেছেন, মিন্ত্রা এবং এর সংশ্লিষ্ট সংস্থাগুলি ‘হোলসেল ক্যাশ অ্যান্ড ক্যারি’ ব্যবসার নামে প্রকৃতপক্ষে ‘মাল্টি-ব্র্যান্ড রিটেল ট্রেডিং’ করে আসছিল। অথচ ভারতে মাল্টি-ব্র্যান্ড রিটেল ট্রেডিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট সীমাবদ্ধতা ও শর্ত রয়েছে।

মিন্ত্রার বিরুদ্ধে মামলা ইডি-র।
শেষ আপডেট: 23 July 2025 15:45
দ্য ওয়াল ব্যুরো: ফ্লিপকার্ট-সাপোর্টেড ই-কমার্স প্ল্যাটফর্ম মিন্ত্রার (Myntra) বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA) লঙ্ঘনের অভিযোগ! ১,৬৫৪ কোটি টাকার গরমিলের একটি মামলাও নথিভুক্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বেঙ্গালুরু-ভিত্তিক মিন্ত্রা ডিজাইনস প্রাইভেট লিমিটেড ও তার সংশ্লিষ্ট সংস্থাগুলি এবং সেগুলির পরিচালকদের বিরুদ্ধে এই তদন্ত শুরু হয়েছে।
ফেডারেল তদন্ত সংস্থার পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) নীতিমালার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন ও কার্যকলাপ চালিয়েছে মিন্ত্রা। নির্ভরযোগ্য সূত্রে এমন তথ্য পাওয়ার পরেই ইডি ফেমা-র ধারা ১৬(৩)-এর অধীনে এই মামলা শুরু করেছে।
তদন্তকারীরা অভিযোগ করেছেন, মিন্ত্রা এবং এর সংশ্লিষ্ট সংস্থাগুলি ‘হোলসেল ক্যাশ অ্যান্ড ক্যারি’ ব্যবসার নামে প্রকৃতপক্ষে ‘মাল্টি-ব্র্যান্ড রিটেল ট্রেডিং’ করে আসছিল। অথচ ভারতে মাল্টি-ব্র্যান্ড রিটেল ট্রেডিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট সীমাবদ্ধতা ও শর্ত রয়েছে, যা এফডিআই নীতিমালায় পরিষ্কারভাবে নির্ধারিত। এই নিয়ম ভেঙেই ব্যবসা পরিচালনা করা হচ্ছিল বলে অভিযোগ।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, সংস্থাটি বিনিয়োগের নিয়মাবলি লঙ্ঘন করে কার্যত খুচরো বিপণনে যুক্ত ছিল, অথচ নথিতে নিজেদের হোলসেল ব্যবসার আড়ালে রেখেছিল। এমন কার্যকলাপ স্পষ্টতই বৈদেশিক বিনিয়োগ সংক্রান্ত সরকারি নীতিমালার পরিপন্থী।
বর্তমানে তদন্ত প্রাথমিক স্তরে রয়েছে এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলির লেনদেন, বিনিয়োগ ও মালিকানা কাঠামো ঘিরে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, তদন্তে উঠে আসা নির্দিষ্ট পরিচালক এবং শেয়ারহোল্ডারদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
এ বিষয়ে মিন্ত্রা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।